পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের মুক্তির দাবিতে রাজশাহীতে আজ বুধবার আধা বেলার হরতাল পালিত হয়েছে। হরতালের শুরুতে নগরের কাজলা ও বিনোদপুরসহ চারটি স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ১২ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বিনোদপুর ও কাজলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মিছিল করেন এবং টায়ারে আগুন দেন। পুলিশ হরতালকারীদের বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে আট থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ইটপাটকেলও ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে চিড়িয়াখানার গেটে শিবিরকর্মীরা দুটি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একই সময়ে নগরের নওদাপাড়া এলাকায় পিকেটারেরা তিনটি অটোরিকশা ভাঙচুর করলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।পুলিশ জানায়, চারটি স্থান থেকে পুলিশ জামায়াত-শিবিরের মোট ১২ নেতা-কর্মীকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জে শিবিরের পিকেটিংচাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পিকেটিং করছে শিবিরকর্মীরা। সকাল সোয়া সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পিকেটাররা। পৌনে আটটার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের স্বরূপনগরে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবিরকর্মীরা।