পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূরুল ইসলাম সুমন ওরফে পাঙ্খা সুমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, পাঙ্খা সুমন মিরপুর ও শাহ আলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গত বৃহস্পতিবার রাতে মিরপুর প্রশিকা মোড় থেকে সন্ত্রাসী পাঙ্খা সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে নিয়ে অন্য সহযোগীদের ধরতে বোটানিক্যাল গার্ডেনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শান্ত হলে পাঙ্খা সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, পাঙ্খা সুমন শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী ছিল। এলাকায় চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি লিপ্ত ছিলেন। সন্ত্রাসী শাহাদতের হয়ে তিনিই মিরপুর ও আশপাশের এলাকায় চাঁদা আদায় করতেন। মিরপুর ও শাহ আলী থানায় তাঁর বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মামলা আছে। এদিকে পাঙ্খা সুমনের লাশ গতকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে ছিল। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার বাগেরহাট গ্রামে বলে পুলিশ জানিয়েছে।