পুলিশের সাংবাদিক পেটানো ষড়যন্ত্রের অংশ: হানিফ
পুলিশের সাংবাদিক পেটানোর ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে যুবলীগের নেতা টাবুল চৌধুরী স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, কতিপয় পুলিশকে দিয়ে গোটা পুলিশ বাহিনীর মুখে কালিমা লেপন করা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ। সরকারকে অস্থিতিশীল করার জন্য এটা করা হতে পারে। তিনি প্রথম আলোর তিন ফটোসাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা করেছি। পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের নির্যাতন কোনোভাবেই কাম্য নয়।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ওই ঘটনায় নয়জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের নামে মামলা হয়েছে। তদন্ত চলছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন সংবাদমাধ্যমে বিশ্বাসী। সব পত্রিকা ইচ্ছামতো সংবাদ পরিবেশন করছে। হানিফ এ সময় বিএনপির আমলে সাংবাদিক নির্যাতনের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ‘বিএনপির আমলে সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন চালানো হয়েছিল। ১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। কিন্তু সে সময় দেশের সাংবাদিক নেতাদের টেলিভিশন টক শোতে কথা বলতে শুনিনি। তাঁরা কথা বলতে পারেননি।’ ইউনূসের বক্তব্য অসত্য: ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে অসত্য বলে দাবি করে মাহবুব উল আলম হনিফ বলেন, ‘তিনি এক লেখায় দাবি করেছেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংকের কল্যাণে চেনে। এই ভুল ব্যাখ্যা দেবেন না। বাংলাদেশকে বিশ্ববাসী বীরের দেশ হিসেবে চেনে, যারা একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।’ গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ইউনূসের শঙ্কা উড়িয়ে দিয়ে হানিফ বলেন, ‘তিনি কেন এই আশঙ্কা করছেন তা বোধগম্য নয়। তদন্ত কমিশন তার মতো প্রতিবেদন দেবে। তদন্ত কমিশনের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের হিসাব-নিকাশের কথা উল্লেখ থাকবে। গ্রামীণ ব্যাংক যাতে বন্ধ না হয়, সে জন্য সরকার দৃঢ় পদক্ষেপ নেবে।’যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মির্জা আজম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।