পুলিশের সামনেই দৌড়ে পালালেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আদালতের হাজতখানা থেকে পুলিশের সামনেই দৌড়ে পালিয়ে গেছেন স্ত্রী হত্যা মামলার অভিযুক্ত আসামি ফজলার রহমান (৪৫)। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত পুলিশের হাবিলদার মোহাম্মদ আলী, কনস্টেবল আক্কাস আলী ও বেলাল হোসেনকে কর্তব্যে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অন্যান্য হাজতি ও পুলিশের সামনেই আদালতের হাজতখানা থেকে ফজলার রহমান দৌড়ে পালিয়ে যান। আসামিকে আদালতে নিয়ে যাওযার জন্য হাজতখানার দরজা খোলা ছিল। ফজলার রহমান হাজতখানা থেকে বের হয়ে এক দৌড়ে পাশের সার্কিট হাউসের সীমানাপ্রাচীর ডিঙিয়ে চলে যান। এ সময় দায়িত্বরত পুলিশ কিছুই করতে পারেনি।আদালতে উপস্থিত কয়েকজন বিচারপ্রার্থী অভিযোগ করেন, আসামি যেভাবে পালিয়ে গেছেন, তাতে করে দায়িত্বরত পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ থাকতে পারে। তা না হলে দৌড়ে পালানোর সময় পুলিশ কিছু করল না কেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৪ মার্চ ভোর রাতে নিজ বাড়ির শোবার ঘরে ফজলার রহমান তাঁর স্ত্রী শাহানারা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। ফজলার রহমানের মেয়ে ছবিলা খাতুন প্রতিবেশীকে এ কথা জানায়। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ ১৬ মার্চ ফজলার রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দেয়। আজ বুধবার এই মামলার শুনানি ছিল। এ কারণে বগুড়া জেলা কারাগার থেকে ফজলার রহমানসহ অন্য হাজতিদের আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।