পুলিশের সার্জেন্টকে পেটালেন ছাত্রলীগের নেতারা
মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় আশরাফ নামের এক ট্রাফিক সার্জেন্টকে পিটিয়েছেন ছাত্রলীগের তিন নেতা। আজ সোমবার বিকেলে সায়েন্স ল্যাবরেটরির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নাসির নামের একজনকে আটক করেছে।ধানমন্ডি থানা সূত্র জানায়, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিহাব, ঢাকা কলেজের পাঠাগার সম্পাদক আল মাহমুদ সরকার ওরফে তারেক ও সদস্য নাসির জড়িত।থানা সূত্র জানায়, আজ বিকেলে সার্জেন্ট আশরাফ সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দায়িত্বরত ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন আরোহী দ্রুতবেগে ছুটে এলে তিনি তাঁদের থামার নির্দেশ দেন। পরে তিনি মোটরাসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে ওই তিনজন নিজেদের ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। এর পরও কাগজপত্র চাইলে নাসির ও শিহাব ওই সার্জেন্টকে মারধর করেন। এ সময় শিহাব বলেন, ‘আমি ছাত্রলীগের সহসভাপতি। আমার কথা শুনতে হবে।’মোটরসাইকেলের মালিক তারেক প্রথম আলোকে জানান, তাঁদের একটি ব্যাংক ড্রাফট করার তাড়া ছিল। তাই সার্জেন্ট আশরাফকে বলা হয়েছিল তাঁদের ছেড়ে দিতে। এ সময় নাসির ও শিহাবের পুলিশের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পুলিশ নাসিরকে আটক করেছে।ঘটনার পর থেকে শিহাবের মোবাইল বন্ধ। সন্ধ্যা ছয়টায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি জানান, তিনি এক সাংসদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।তবে একই সময়ে ধানমন্ডি থানায় টেলিফোনে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, এ ঘটনায় সার্জেন্ট আশরাফ ও আটক নাসির থানায় আছেন। তাঁদের সঙ্গে ওসি কথা বলছেন। সাড়ে ছয়টার দিকে ফের ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবারও বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।সার্জেন্ট আশরাফ আপনার সঙ্গে কথা বলেছে, এমন প্রশ্নের উত্তরে ওসি বলেন, ‘হ্যাঁ। তবে ঘটনা এত বড় কিছু নয়।’পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, তিনি পুরো ঘটনা জেনেছেন। পুলিশের কাজে যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে বলা হয়েছে।মহানগর পুলিশের দক্ষিণ অঞ্চলের উপকমিশনার আকরাম হোসেন বলেন, ছাত্রলীগের ওই নেতারা সার্জেন্ট আশরাফকে ভয়-ভীতিও দেখিয়েছেন। তাঁদের একজন থানায় আটক।