পুলিশের হাতে অস্বাভাবিক মৃত্যু: উদ্বিগ্ন মানবাধিকার কমিশন
পুলিশের হাতে রাজধানীতে কয়েকটি মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কমিশন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হককে ডেকে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান তাঁর এই উদ্বেগের কথা জানিয়েছেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ডিএমপি কমিশনারকে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বলেছি, এ ধরনের ঘটনায় কমিশন বিচলিত। এ ঘটনার তদন্ত যেন যথাযথ ও নিরপেক্ষভাবে হয়। সবার কাছে যেন সেই তদন্ত গ্রহণযোগ্য হয়, আমরা সেই বিষয়টি কমিশনারকে বলেছি। এও বলেছি, যেনতেন রকমের তদন্ত হলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করবে না।’ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে কোনো নির্দেশনা পুলিশকে দিয়েছেন কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এর ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, কমিশন সেটাই চায়। এর জন্য প্রয়োজনে পুলিশের জন্য মানবাধিকারবিষয়ক যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ডিএমপি কমিশনারকে সেই সেই বিষয়টিও বলা হয়েছে।গত এক সপ্তাহে রাজধানীর তিন থানায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।