পুলিশের ভেতরে-বাইরেঅপরাধী শনাক্তকরণে পুলিশের হাতে প্রযুক্তি নেই। প্রযুক্তি বোঝেন এমন কর্মকর্তাও হাতে গোনা। মামলার তদন্তে রিমান্ড আর নির্যাতনই পুলিশের মূল ভরসা। চার পর্বের শেষ দুই কিস্তি আজ ছাপা হলো
পুলিশের হাতে প্রযুক্তি নেই, তদন্তের মূল ভরসা মারধর
সারা দেশে মোট থানার সংখ্যা ৬১৭। কিন্তু অপরাধী শনাক্তকরণের ন্যূনতম প্রযুক্তি-সরঞ্জাম কোনো থানা পুলিশের কাছেই নেই।পুলিশের অন্যান্য বিশেষায়িত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা বিভাগের (ডিবি) জন্য কিছু সরঞ্জাম কেনা হলেও সেগুলো ব্যবহার করে অপরাধী শনাক্ত করা যাচ্ছে না। তাই তদন্তের প্রধান কৌশল হিসেবে মারধর করে স্বীকারোক্তি আদায় করতে হয় পুলিশকে। তা ছাড়া প্রযুক্তি বোঝেন এমন পেশাদার তদন্তকারীও তৈরি হচ্ছে না। এ ক্ষেত্রে কর্মকর্তাদেরও উৎসাহ নেই।৯০ দশকের মধ্যভাগে অপরাধস্থল থেকে আঙুলের ছাপ তোলার জন্য একটা ‘কিটবক্স’ দেওয়া হয়েছিল থানা পুলিশকে। প্রশিক্ষণের অভাবে সেগুলো কোনো কাজে লাগেনি। পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধস্থল থেকে আঙুলের ছাপ তোলার জন্য পুলিশ একাডেমির (সারদা) দুই দিনের প্রশিক্ষণ যথেষ্ট নয়। ঢাকা ও ঢাকার বাইরের কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, তদন্ত এখনো সাক্ষ্য ও স্বীকারোক্তিনির্ভর। অপরাধী শনাক্তের জন্য প্রত্যক্ষদর্শী বা সাক্ষীদের বক্তব্য নেওয়া হয়। সন্দেহভাজন ব্যক্তিদের ধরে স্বীকারোক্তি বা তথ্য আদায়ের চেষ্টা চালানো হয়। আর স্বীকারোক্তি আদায়ের প্রধান কৌশল হলো মারধর। আবার অপরাধী গ্রেপ্তারের পর পুলিশ ছবি তুলে রাখে, কোনো ক্ষেত্রে হাতের ছাপ সংগ্রহ করে। প্রথাগত তদন্তে পেশাদার তথ্য দাতারা (সোর্স) অনেক সময় ভুল তথ্য দিয়ে তদন্ত প্রভাবিত করে।ব্রিটানিকা অনলাইন জ্ঞানকোষ অনুযায়ী, অপরাধী শনাক্তকরণের আধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে ডিএনএ আলামত সংগ্রহ, ব্যক্তি শনাক্তকরণের শারীরিক বৈশিষ্ট্যগুলো (বায়োমেট্রিক্স) বিশ্লেষণ ইত্যাদি। ব্যক্তি শনাক্তকরণের শারীরিক বৈশিষ্ট্যগুলো হয় অনন্য (ইউনিক), অপরিবর্তনীয়, পরিমাপযোগ্য। এগুলোর মধ্যে রয়েছে আঙুলের ছাপ, হাতের ও পায়ের ছাপ, চোখের রেটিনা ও আইরিশের গড়ন, মুখের বহুমাত্রিক চিত্র, মুখমণ্ডলের মানচিত্র ইত্যাদি। যেমন, ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় কোনো অপরাধ ঘটলে পরে সেই ছবি নিয়ে অপরাধীর পুরো মুখমণ্ডলের মানচিত্র তৈরি করা হয়। একে বলে ‘ফেইসক্যাম’, এটি অনেক দেশেই বহুল ব্যবহূত। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মিথ্যা শনাক্তকরণ যন্ত্রেরও বহুল ব্যবহার রয়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশে এসব কিছুই নেই।অপরাধস্থল ব্যবস্থাপনা ও আলামত: আধুনিক তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ ও বিশ্লেষণ। একটি অপরাধ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব রকম পার্থিব উপকরণই আলামত। যেমন, বাংলাদেশে সাধারণত একটি খুনের ঘটনায় খুন হওয়া ব্যক্তির রক্তাক্ত জামা-কাপড়, রক্তাক্ত অস্ত্র, গামছা ইত্যাদি আলামত হিসেবে সংগ্রহ করে পুলিশ।আধুনিক প্রক্রিয়ায় অপরাধস্থল থেকে আলামত সংগ্রহ করেন বিশেষ দক্ষ ‘অপরাধস্থল তদন্তকারীরা’। তাঁদের কাছে থাকে বিশেষ সরঞ্জাম। অপরাধস্থলে সূক্ষ্ম হাতের ছাপ থেকে শুরু করে চুল, আঁশ, ধুলো, রক্ত, বীর্য বা মানবশরীর থেকে নিঃসৃত যেকোনো প্রকারের তরলের মতো ফরেনসিক ও বায়োমেট্রিক্স আলামত সংগ্রহ করা হয়। এরপর গবেষণাগারে এগুলো বিশ্লেষণ করে ফরেনসিক বিশেষজ্ঞরা অপরাধীর ডিএনএ ও অন্যান্য বৈশিষ্ট্যের তথ্য বের করেন। এগুলোর সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে অপরাধী শনাক্ত করা যায়। এসব পরীক্ষার মাধ্যমে অপরাধস্থলে রাসায়নিক বস্তুর উপস্থিতিও ধরা যায়। এভাবে পাওয়া অপরাধীদের তথ্য কেন্দ্রীয় তথ্যাভান্ডারে (ডেটাবেইস) সংরক্ষণ করা হয়।পুলিশ কর্মকর্তারা বলছেন, সনাতনী তদন্তে একজন অপরাধস্থলে উপস্থিত ছিলেন স্বীকারোক্তি দেওয়ার পরও তা অস্বীকার করার সুযোগ রয়েছে। কিন্তু একজন ব্যক্তির হাতের ছাপ বা চুল বা লালা অপরাধস্থলে পাওয়া গেলে তা অস্বীকার করার সুযোগ থাকে না।বিদ্যমান আধুনিক প্রযুক্তি ও ব্যবহার: সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, অপরাধস্থল থেকে ফরেনসিক ও বায়োমেট্রিক্স আলামত সংগ্রহের জন্য সিআইডির বর্তমানে আটটি ক্রাইমসিন ইউনিট ভ্যান রয়েছে। ঢাকায় দুটি এবং ছয়টি বিভাগীয় শহরে একটি করে ভ্যান কাজ করছে। প্রায় তিন বছর আগে এগুলো কাজ শুরু করে।বর্তমানে সিআইডির ঢাকায় একটি ও চট্টগ্রামে একটি ফরেনসিক পরীক্ষাগার আছে। তবে বিভিন্ন জায়গায় অপরাধস্থল থেকে সংগৃহীত আলামত মূলত ঢাকাতেই পাঠানো হয়। চট্টগ্রামের পরীক্ষাগারটি অচিরেই পুরোদমে কাজ শুরু করবে।বর্তমানে সিআইডিতে হাতের ছাপ, পায়ের ছাপ, হস্তরেখা যাচাই, বিস্ফোরক পরীক্ষা, অস্ত্র ও গাড়ির চেসিস নম্বর পরীক্ষা, ভিসেরা, রক্ত-বীর্যসহ মানবশরীর নিঃসৃত তরল ইত্যাদি পরীক্ষা করা যায়। আঙুলের ছাপের ডাটাবেইস তৈরি করছে সিআইডি।ঢাকা মহানগর ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ডিবির কাছে একটি ভ্যানসহ কিছু সরঞ্জাম থাকলেও কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাবে সেগুলো কাজে লাগানো যাচ্ছে না।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, র্যাবের একটি পূর্ণাঙ্গ ফরেনসিক গবেষণাগার তৈরি করা হচ্ছে। এখন সেখানে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা, মাদক শনাক্তকরণ পরীক্ষা হয়ে থাকে। এ ছাড়া মুখমণ্ডলের মানচিত্র তৈরির ব্যবস্থা রয়েছে র্যাবের গবেষণাগারে। তবে আঙুলের ছাপ নেওয়ার প্রযুক্তি এখনো গবেষণাগারে নেই।অবশ্য মুঠোফোনের কল তালিকা সংগ্রহ করে ঘটনাস্থলে অপরাধীর উপস্থিতি সুনিশ্চিতভাবে প্রমাণ করা যায়। আদালতে এখন কল তালিকা গ্রহণযোগ্য আলামত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে সাফল্য নেই: গত ১১ ফেব্রুয়ারি সকালে রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে পাওয়া যায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ। থানা পুলিশ, ডিবি, র্যাবের পর সবার শেষে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির দল। ঘটনাস্থল থেকে সিআইডির কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করলেও হাত-পায়ের ছাপগুলো অস্পষ্ট ছিল। গত ২২ এপ্রিল সংসদ ভবনে এক নারীর গলিত লাশ পাওয়া যায়। এ ক্ষেত্রেও সিআইডি ফরেনসিক আলামত সংগ্রহ করলেও কোনো কাজে আসেনি। এ রকম আরও অসংখ্য উদাহরণ রয়েছে।ঢাকা মহানগর ডিবির একাধিক কর্মকর্তা বলেছেন, তাঁদের পেশাজীবনে সিআইডির সাহায্যে অপরাধস্থল থেকে বায়োমেট্রিক্স আলামত সংগ্রহ করে তা কাজে লাগানোর নজির নেই। অনেক ঘটনাস্থলে সবুজ কোট পরিহিত সিআইডি সদস্যদের আলামত সংগ্রহ করতে দেখা গেলেও কাজের কাজ কিছুই হয় না। হাত-পায়ের ছাপ সংগ্রহের পর পরীক্ষা করে বলা হয় ‘ছাপ অস্পষ্ট’। তবে সিআইডিতে অস্ত্রের বিস্ফোরক পরীক্ষা অনেক মামলার কাজে লেগেছে।বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না: প্রযুক্তির অভাবের চেয়ে বড় অভাব প্রযুক্তিবান্ধব দক্ষ কর্মকর্তার। ‘উপরি’ আয়ের সুযোগ নেই, থানা পুলিশের মতো ক্ষমতার চর্চা করা যায় না ইত্যাদি কারণে কর্মকর্তারা সিআইডিতে আসতে চান না। এসব কারণে ‘অদক্ষ কর্মকর্তাদের আরামদায়ক কর্মস্থল’ হিসেবে পরিচিতি পেয়েছে সিআইডি।এ বিষয়ে জানতে চাইলে মোখলেসুর রহমান বলেন, একটা কথা যখন প্রচলিত হয় তখন তার কিছু না কিছু সত্যতা থাকে। সিআইডি একটি বিশেষায়িত সংস্থা। কিন্তু এখানে বিশেষ কোনো সুযোগ নেই। এখানকার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হলে দক্ষ কর্মকর্তারা উৎসাহিত হবেন।সিআইডিতে কেন কর্মকর্তারা আসতে চান না, জানতে চাইলে সংস্থাটির প্রধান মোখলেসুর রহমান বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ফরেনসিক তদন্তের জৌলুস আসেনি। গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আসতে ইচ্ছুক কর্মকর্তার সংখ্যা বাড়বে। তিনি বলেন, ফরেনসিকে কাজ করার জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। কারণ, পড়শোনার ক্ষেত্রে বিষয়-সংশ্লিষ্টতা না থাকলে যে কেউ ফরেনসিকের বিষয়গুলো ভালো বুঝবেন না। বর্তমানে অপরাধস্থল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিআইডির তত্ত্বাবধানে ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে এ প্রশিক্ষণ চলছে। চালু হয়েছে ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউট। পর্যায়ক্রমে সব তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।আইজিপি যা বললেন: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, প্রযুক্তি সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। এখনো তদন্ত প্রযুক্তিনির্ভর হয়নি। কোনো মামলা যখন থানা পুলিশ সুরাহা করতে পারে না, তখন তা সংশ্লিষ্ট জেলা বা মহানগরের ডিবি পুলিশের কাছে যায়। ডিবি পুলিশ না পারলে সিআইডির কাছে আসে। র্যাবও অনেক মামলা তদন্ত করে। সিআইডি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। অনেক সীমাবদ্ধতার মধ্যেও থানা পুলিশই বেশির ভাগ মামলা উদ্ঘাটন করছে।কয়েকদিন ধরে রাজধানীর মডেল থানাগুলোর দেয়ালে পুলিশ সংস্কার প্রকল্প থেকে একটি নির্দেশনা বোর্ড ঝোলানো হয়েছে। সেখানে ‘ক্রাইমসিনে উপস্থিত প্রথম পুলিশ অফিসারের দায়িত্ব’ এবং ‘ক্রাইমসিন কর্মকর্তাদের প্রাথমিক জ্ঞাতব্য (চেকলিস্ট)’ শীর্ষক ২৬টি নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলোতে অপরাধস্থলকে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সরঞ্জাম-সংক্রান্ত নির্দেশনা রয়েছে। তবে একাধিক কর্মকর্তা বলেছেন, বোর্ডগুলো লাগানো হলেও তাঁদের বিষয়টি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। মাঠে কাজ করতে করতে তাঁরা অনেক কিছু জেনেছেন।