পুলিশের হাতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশের হেফাজতে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে মিজান নিহত হন। পুলিশের দাবি, মিজান একজন ছিনতাইকারী। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যু হয়েছে। তবে কোনো থানায় মিজানের বিরুদ্ধে মামলা বা জিডি খুঁজে পায়নি পুলিশ।এর আগে গত সোমবার রাতে রাজধানীর রমনা থানার পুলিশ হেফাজতে বাবুল গাজী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, ঘুষ না দেওয়ায় তাঁকে পিটিয়ে মারে পুলিশ। এর আগে গত ৯ মার্চ রমনা থানা পুলিশের হেফাজতে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তাঁকেও গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।মিজানের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে বারিধারার নয়ানগর থেকে মঙ্গলবার রাতে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর এক লাখ টাকা চায়। না পেয়ে পুলিশ তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। বুধবার রাতেও থানা হেফাজতে তিনি তাঁর স্বামীকে খাবার দিয়ে আসেন। তখন তাঁর স্বামী সুস্থ ছিলেন বলে জানান তিনি। নয়ানগরে লিজা সাউন্ডটেক সিস্টেম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে মিজানের।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, পুলিশের কাছে খবর আসে, গুলশান-বনানী সংযোগ সড়কে সিলভার রঙের একটি গাড়িতে করে এলাকায় ছিনতাই হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা প্রাইভেট কার নিয়ে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কের দিকে পালিয়ে যেতে থাকে। বেতার বার্তায় খবর পেয়ে গুলশান থানার সাদা পোশাকধারী পুলিশের একটি দল ৪২ নম্বর সড়কের ৩৮ নম্বর নির্মাণাধীন বাড়ির সামনে আটকে দেয়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে ছিনতাইকারী মিজান ও মানিক গুলিবিদ্ধ হন। মিজানের দুই পায়ে ও মানিকের বাঁ পায়ে গুলি লাগে। পুলিশ ঘটনাস্থল থেকে মিজান ও মানিককে আহত অবস্থায় এবং তাঁদের দুই সহযোগী আসলাম ও জালালকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করে। মানিকের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও চারটি গুলি উদ্ধার করে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল সকাল সাড়ে সাতটায় মিজান মারা যান। অন্য দুজন আক্তার ও রাসেল পুলিশের প্রতি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।ওসি জানান, ছিনতাইয়ে ব্যবহূত এলিয়ন সিলভার কারটি আটক করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় যোগাযোগ করা হলে ওসি জানান, মিজানের বিরুদ্ধে কোনো মামলা খুঁজে পাওয়া যায়নি। তবে আগে মিজান গ্রেপ্তার হয়েছিলেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে।ওসি ছিনতাইয়ের কথা বললেও মহানগর পুলিশের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত একটার দিকে গুলশান থানার ওসি কামালউদ্দিন গোপন খবর পান, গুলশান সংযোগ সেতুর পশ্চিম পাশে একটি এলিয়ন প্রাইভেট কারে কতিপয় ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরে ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালালে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দুটি গাড়িযোগে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদের গুলিতে কনস্টেবল আবদুল মালেক ও কনস্টেবল শহিদুল্লাহ আহত হন।রাতে যোগাযোগ করা হলে গুলশান থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত মিজানসহ গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে গতকাল তিনটি মামলা করা হয়েছে।স্বামীর মৃত্যুর খবর পেয়ে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান তাসলিমা বেগম। তিনি বলেন, মিজান ছিনতাইকারী নন। তাঁর বিরুদ্ধে নগরের কোনো থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরিও (জিডি) নেই।তাসলিমা অভিযোগ করেন, মঙ্গলবার ভোরে গুলশান থানার এসআই আনিসুর রহমান মধ্য নয়ানগরের বাসা থেকে মিজানকে গাড়ি চুরির অভিযোগে আটক করে থানায় নিয়ে যায়। বাড়ির মালিক হামিরউদ্দিনের সামনেই তাঁকে আটক করা হয়। থানায় নেওয়ার পর দারোগা আনিস এক লাখ টাকা দাবি করে বলেন, টাকা দেওয়া হলে মিজানকে ছেড়ে দেওয়া হবে। তাসলিমা বলেন, তিনি দারোগাকে জানান, এত টাকা দেওয়ার তাঁর সামর্থ্য নেই। এরপর দারোগা আনিস ৫০ হাজার টাকা দাবি করেন।তাসলিমা জানান, বুধবার রাতে থানাহাজতে মিজানের সঙ্গে তাঁর কথা হয়। মিজান তাঁকে জানিয়েছিলেন, তাঁকে মারধর করা হচ্ছে। এরপর ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাসলিমাকে মুঠোফোনে বলা হয়, আপনার স্বামীর অবস্থা খারাপ, রক্ত লাগবে। সকাল সাড়ে সাতটায় হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি স্বামীর লাশ পান। তাঁর দুই পায়ে গুলিবিদ্ধ ছিল।তাসলিমা বলেন, ‘আমার স্বামী অপরাধ করে থাকলে আইন তাঁর বিচার করবে। যে বিচার হয় মাথা পেতে নেব। কিন্তু পুলিশ তাঁকে গুলি করে মারল কেন?’সংসারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে তাসলিমা বলেন, এখন তাঁর মেয়ে লিজার ভবিষ্যৎ কী হবে? লিজা আক্তার নয়ানগরে একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে।পুলিশের গুলিতে আহত মো. মানিককে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে তাঁদের কোনো বন্দুকযুদ্ধ হয়নি। বুধবার মধ্যরাতে থানাহাজত থেকে তাঁকে ও মিজানকে চোখে কাপড় বেঁধে গুলশানের ৪২ নম্বর রোডে নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ বের হয়। এরপর পুলিশ দুজনের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এরপর পুলিশ চিৎকার করে লোকজন জড়ো করে বলে, এরা ছিনতাই করছিল। পরে একটি রিভলবারে পুলিশ তাঁদের দুজনের হাতের ছাপ নেয়।