পুলিশের হায়দার, র্যাবের হায়দার, হায় গৌতম!
রাজধানীর সূত্রাপুর থানার অপারেশনস কর্মকর্তা গৌতম কুমার রায় হত্যার ঘটনায় গত রোববার রাতে আলী হায়দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। হায়দার সাংবাদিকদের জানিয়েছেন, হত্যাকাণ্ডের সময় তিনি অন্য দুজনের সঙ্গে উপস্থিত ছিলেন।একই ঘটনায় ২৩ এপ্রিল রাতে আহমেদ হায়দার ওরফে হাদি নামে এক যুবককে গ্রেপ্তার করে সূত্রাপুর থানার পুলিশ। তিনিও দাবি করেছেন, পুলিশ কর্মকর্তা হত্যার সময় তিনি উপস্থিত ছিলেন। এমন স্বীকারোক্তি দিয়ে হায়দারও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।দুই হায়দারই তাঁদের বক্তব্যে দাবি করেছেন, তিনি (হায়দার) নিজে, জাকির হোসেন ওরফে কাইল্লা জাকির ও মানিক নামে তিনজন গৌতম হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন। জাকির গৌতমকে গুলি করেন। র্যাব এই কাইল্লা জাকিরকেও গ্রেপ্তার করেছে। তবে জাকির দাবি করেছেন, তিনি নন, হায়দারই পুলিশ কর্মকর্তাকে গুলি করেছেন।র্যাবের ব্রিফিং: গতকাল র্যাব সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক এস এম কামাল উদ্দীন জানান, র্যাব-১০ ও র্যাব ইন্টেলিজেন্স উইংয়ের সমন্বয়ে গঠিত একটি দল রোববার রাত সাড়ে ১১টার দিকে লালমোহন সাহা স্ট্রিটের নিজের বাসা থেকে আলী হায়দারকে (২১) গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত জাকির হোসেন ওরফে কাইল্লা জাকিরকে (২৫) ধোলাইখালের নিজের ভাঙারি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।র্যাবের ব্রিফিংয়ে প্রত্যক্ষদর্শী হিসেবে ওই এলাকার নিরাপত্তারক্ষী বৃদ্ধ মনা মিয়াকে হাজির করা হয়। মনা মিয়া জানান, গৌতম যখন মানিককে তল্লাশি করছিলেন তখন জাকির তাঁকে গুলি করেন। হায়দারও একই দাবি করেছেন। তবে গতকাল র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গৌতমকে গুলি করার কথা অস্বীকার করেছেন জাকির। জাকিরের দাবি, হায়দারই গুলি করেছে গৌতমকে। তার কাছেই অস্ত্র ছিল।কে আসল হায়দার এ বিষয়ে র্যাব ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘আমরা পুরো ঘটনাটা তদন্ত করিনি। আসামি ধরেছি মাত্র। আমরা আসামিকে মামলার তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করব। বিধিমোতাবেক তদন্তের পরই বেরিয়ে আসবে আসল তথ্য।’পুলিশের বক্তব্য: ওয়ারি বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী বলেন, ‘আমরা তাকে হায়দার পরিচয়েই গ্রেপ্তার করেছি। সে আদালতে গৌতম হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।’সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এই হায়দার (পুলিশের হায়দার) যদি খুনের ঘটনায় জড়িত না থাকে সেটা তদন্তে প্রমাণিত হবে। তবে সে নিজেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সাংবাদিকদের সামনে ঘটনা স্বীকার করেছে।২৪ এপ্রিল হায়দারকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবুল কাশেম জানিয়েছিলেন, গৌতম হত্যাকাণ্ডের সময় হায়দার ঘটনাস্থলে ছিলেন। তিনি পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। তাঁর বাবার নাম শুক্কুর মিয়া। হায়দারের সঙ্গী জাকির গৌতমকে গুলি করে।আর র্যাবের হাতে গ্রেপ্তার আলী হায়দারের বাবার নাম মর্তুজা মিয়া। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি র্যাব।পরিকল্পিত না হঠাৎ খুন: পুলিশ বলছে, গৌতম হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল না। আর র্যাবের কর্মকর্তারা ধারণা করছেন পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে কিছু জানাননি র্যাব কর্মকর্তারা। ২৪ এপ্রিল আহমেদ হায়দারকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবুল কাশেম বলেন, ‘তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীদের হঠাৎ গুলিতে নিহত হয়েছেন গৌতম রায়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না।’র্যাবের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, তাঁদের হাতে গ্রেপ্তার হায়দার ও জাকির বলেছে, ১৫ এপ্রিল হায়দারের সঙ্গে বৈঠক হয় গৌতমের বন্ধু শামীমের। বৈঠকটি হয় শামীমের বাসায়। সেখানেই গৌতমকে খুনের জন্য অগ্রিম হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে দুই আসামি কিছু বলেনি। মামলা হঠাৎ ডিবিতে: গৌতম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালালউদ্দীন র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া দুই আসামি ও এক প্রত্যক্ষদর্শী স্বাক্ষীকে নিয়ে যেতে র্যাব সদর দপ্তরে এসেছিলেন গতকাল বিকেলে। আসামি হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ প্রায়। আসামি বুঝে নেওয়ার ঠিক আগের মুহূর্তে জালালউদ্দীন জানতে পারেন তিনি আর মামলার তদন্ত কর্মকর্তা নেই। মামলার তদন্তভার ডিবিকে দেওয়া হয়েছে।সাধারণত কোনো মামলা প্রায় উদ্ঘাটিত হওয়ার পর এর তদন্তভার অন্য কোনো সংস্থার হাতে দেওয়ার নজির নেই। তবে গৌতম হত্যা মামলাটি শেষ মুহূর্তে এসে তদন্তভার নিয়েছে ডিবি। এ বিষয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলাটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাই গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নিয়েছে।’