পুলিশের হায়দার, হায়দার না, র‌্যাবের হায়দার সন্ত্রাসী না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম রায় হত্যার ঘটনায় জড়িত আসল হায়দার কে, তা এখনো নিশ্চিত হতে পারেনি গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকিরের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজনেরই (দুই ‘হায়দার’ ও জাকির) পরিবার ও বন্ধুরা দাবি করেছেন, তাঁদের কারও বিরুদ্ধেই অতীতে কোনো মামলা ছিল না।এদিকে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডির প্রধান শাহ জামান রাজকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পুলিশ গৌতম হত্যার ঘটনায় ‘আহমেদ হায়দার’ ওরফে ‘হাদী’ নামের এক যুবককে গ্রেপ্তার করে।আর র‌্যাব আলী হায়দার ও জাকির হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করে।দুই সংস্থার কর্মকর্তাদের মতে, ঘটনাস্থলে হায়দার, জাকির ও মানিক নামের তিনজন ছিলেন। এখন হায়দার নামে দুজন ধরা পড়েছেন। কে আসল হায়দার, সেটি নিয়ে বিতর্ক উঠেছে। র‌্যাব যে জাকিরকে গ্রেপ্তার করেছে, সেই জাকির সন্ত্রাসী জাকির কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আর মানিককে এখনো গ্রেপ্তার করা যায়নি।পুলিশের হায়দারের নাম হায়দার না!: গত শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হায়দারের নামই হায়দার না। পুলিশ তাঁর নাম বলেছিল আহমেদ আলী ওরফে হায়দার ওরফে হাদী। কিন্তু স্বামীবাগের মুন্সিরটেকের বাসিন্দা কথিত হায়দারের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁর নাম আহম্মদ আলী। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রেও তাঁর নাম আহম্মদ আলী। বড় ভাইয়ের স্ত্রী নাজমা বেগম জানান, আহম্মদ ধোলাইখালে গাড়ির পার্টসের দোকানে চাকরি করেন।খুনের সময় বাড়িতে র‌্যাবের হায়দার?: র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার আলীর স্বজনেরা জানান, ২২ এপ্রিল শেষরাতে লালমোহন সাহা স্ট্রিটের বাসা থেকে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা হায়দারকে ধরে নিয়ে যান। কিন্তু ২৬ এপ্রিল র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২৫ এপ্রিল গভীর রাতে হায়দারকে ধরা হয়েছে।তবে এলাকার মানুষের বক্তব্য, হায়দার সন্ত্রাসী নন।হায়দারের বোন জয়তুন নেসা জানান, ২২ এপ্রিল রাতে হঠাৎ জোরে দরজা ধাক্কানোর শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। পরিচয় জিজ্ঞেস করা হলে আগন্তুকেরা বলেন, ‘আমরা আইনের লোক’। দরজা খুলে দেওয়া হলে তিনজন সাধারণ পোশাকের লোক ভেতরে ঢুকে সবার নাম জিজ্ঞেস করেন। হায়দার তাঁর নাম বলার পর তাঁরা তাঁকে ধরে নিয়ে যান।হায়দারদের বাড়ির মালিকের মেয়ে নুরুন নাহার জানান, ৩০ বছরেরও বেশি সময় ধরে হায়দারদের পরিবার এ বাসায় থাকে। হায়দার লেদ মেশিনের লোহার গুঁড়ার ব্যবসা করেন। পরিবারের সদস্যরা জানান, খুনের রাতে হায়দার বাসায় ঘুমিয়ে ছিলেন।অসুস্থ জাকির বাইরে ছিলেন?: গ্রেপ্তার জাকির ধোলাইখালের এ টি মোটরসে মিস্ত্রির কাজ করতেন। এর মালিক তোরাব আলী প্রথম আলোকে জানান, গৌতম হত্যার দুই দিন আগেই ১৭ এপ্রিল অসুস্থতার কথা বলে ছুটি নেন জাকির। এরপর ফোনে জানান, তাঁর জলবসন্ত হয়েছে। এক সপ্তাহ পর ২৫ এপ্রিল কাজে যোগ দেন জাকির। তোরাব আলী দাবি করেন, জাকিরের শরীরে তিনি বসন্তের দাগ দেখেছেন। তিনি বলেন, আড়াই বছর ধরে জাকির তাঁর দোকানে কাজ করছেন। এর মধ্যে তাঁর বিরুদ্ধে বেআইনি কাজে জড়িত থাকার কোনো অভিযোগ আসেনি। স্থানীয় লোকজন আরও জানান, জাকির নামের স্থানীয় একজন সন্ত্রাসী রয়েছে। ডাকাত শহীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে বলে কথিত আছে। উচ্চতায় খাটো বলে সন্ত্রাসী জাকিরের নাম ‘বাইট্টা জাকির’। জাকিরের স্ত্রী সুমি বেগম প্রথম আলোকে বলেন, জলবসন্তে আক্রান্ত হওয়ার পরই ১৭ তারিখ স্বামীকে নিয়ে তিনি তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বিনোদপুর গ্রামে চলে যান।তদন্ত কর্মকর্তার বক্তব্য: হত্যা মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। র‌্যাব হায়দার ও জাকিরকে ডিবির কাছে হস্তান্তর করেছে। মামলাটির তদারককারী কর্মকর্তা ডিবির ছানোয়ার হোসেন প্রথম আলোকে জানান, হায়দার ও জাকিরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুজনের বক্তব্যের মধ্যে অনেক অসামঞ্জস্য আছে।