পুলিশের হেফাজতে আসামির মৃত্যু, তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নূরুল হক (৪৫)। তিনি উপজেলার বিদ্যাকুট গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের নির্যাতনে নূরুল হকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ওই আসামি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসী, মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবীর নেতৃত্বে কয়েকজন পুলিশ গত শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে বিদ্যাকুট গ্রামে যান। এই গ্রাম থেকে তাঁরা দুটি মামলার (জুয়া ও দাঙ্গাহাঙ্গামা মামলা) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রিকশাচালক নূরুল হককে গ্রেপ্তার করেন। পুলিশের ভাষ্য, শিবপুর ফাঁড়িতে গভীর রাতে নূরুল হক বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। রাত তিনটার দিকে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গতকাল রোববার ভোর ছয়টায় নূরুল হককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ছয়টায় নূরুল হকের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাঈদ বলেন, হাসপাতালে আনার আগেই নূরুল হকের মৃত্যু হয়। তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন চিকিৎসকেরা দেখতে পাননি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের বোন হোসনে আরা ও চাচাতো ভাই ফারুক মিয়া অভিযোগ করেন, রাতে পুলিশ নূরুল হককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ও তিনি সুস্থ ছিলেন এবং তাঁর কোনো রোগ ছিল না। পুলিশের মারধরে তাঁর মৃত্যু হয়েছে। শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মো. নূরুন্নবী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধর কিংবা নির্যাতন করার প্রশ্নই ওঠে না। দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে কেন নির্যাতন করতে যাব? নূরুল হকের হয়তো হার্টের সমস্যা ছিল। তাই গ্রেপ্তারের পর ভয়ে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। আসামির মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গণি ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার গতকাল সকালে জেলা সদর হাসপাতালে ছুটে যান। দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।