পুলিশের হেফাজতে মানিকের অপমৃত্যু মামলার নথি তলব করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে থাকা আসামি মানিকের আত্মহত্যা-সম্পর্কিত অপমৃত্যু মামলার নথি তলব করেছেন আদালত। ঢাকার বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত এ আদেশ দেন।হাজতি মানিকের হত্যাসংক্রান্ত কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।উল্লেখ্য, ঢাকার কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে মানিক মিয়া ওরফে লুত্ফুরের মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে অভিহিত করে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি মামলা করা হয়। মানিকের বাবা আদু মিয়া ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেন। মামলায় কেরানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-উর-রশিদকে আসামি করা হয়।বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মানিক মিয়া আত্মহত্যা করেছেন মর্মে কেরানীগঞ্জ থানায় যে অপমৃত্যু মামলা হয়েছে, বিচারক সেই মামলার নথি দেখে পরে আদেশ দেওয়া হবে বলে জানান। আদু মিয়ার করা মামলার অভিযোগে বলা হয়, ২৭ জানুয়ারি আসামিরা মানিক মিয়ার বাসায় গিয়ে তাঁর খোঁজ করেন। মানিকের পরিবার খোঁজ করার কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তারা জানান, মানিকের পাসপোর্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা দরকার এবং তাই তাঁকে থানায় যেতে হবে।মানিক ওই সময় তাঁর শ্বশুরবাড়ি সিরাজনগরে ছিলেন। পুলিশ সেখান থেকেই মানিক ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন মনোয়ারাকে ছেড়ে দেওয়া হলেও মানিককে আটকে রাখা হয়। পরে ১ ফেব্রুয়ারি পুলিশ মানিকের পরিবারকে জানায়, তিনি আত্মহত্যা করেছেন।