ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা, সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের বিষয়ে নিজেদের ভূমিকা জানাতে পুলিশের আট কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ জুন তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।একই সঙ্গে গতকাল বেলা ১২টার পর থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরো ঘটনার বিবরণ, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তাঁদের অতীত রেকর্ড, ছাত্রাবস্থার বিবরণসহ জীবনবৃত্তান্ত আদালতে জমা দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। ওই সব কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি অনুসারে বা বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সংক্রান্ত প্রতিবেদনও এই সময়ের মধ্যে দিতে বলা হয়। আদালত চত্বরে পুলিশি নিষ্ঠুরতার ঘটনা নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। রুলে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য ক্ষতিগ্রস্ত তরুণী, তাঁর বাবা-মা, প্রথম আলোর আদালত প্রতিবেদক ও আইনজীবী প্রশান্ত কর্মকার, কালের কণ্ঠ পত্রিকার আবদুল জলিল ও বাংলাদেশ প্রতিদিন-এর তুহিন হাওলাদার, আইনজীবী শাখাওয়াত হোসেন ও রাশেদকে ৬ জুন আদালতে যেতে বলা হয়েছে। এ ছাড়া আদালতকে সহায়তা করার জন্য আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালকে ওই দিন উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, নিজেদের ভূমিকা জানাতে পুলিশের আট কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আর স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আট কর্মকর্তা হলেন—পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন উর রশীদ, সহকারী কমিশনার (এসি) রাজিব আল মাসুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান, উপপরিদর্শক (এসআই) জামান, জাহাঙ্গীর, নুরুজ্জামান সরকার, আমীর আফজাল বিল্পব এবং পুলিশ ক্লাবের সভাপতি। শুনানিতে প্রথম আলোসহ কয়েকটি সংবাদপত্র তুলে ধরে জ্যেষ্ঠ আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সব জাতীয় দৈনিকে একই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মেয়েটি ঘটনার বর্ণনা দিয়েছেন। একটি স্বাধীন দেশে এসব ঘটতে পারে বলে আমরা কল্পনাও করতে পারি না। এ জন্য দেশ স্বাধীন হয়নি। এ বিষয়ে আদালত নির্দেশনা দিতে পারেন।’ পরে আদালত আদেশ দেন।