পুলের হালচাল
টেবিলের একপাশে ত্রিভুজের মতো করে সাজানো রয়েছে ১৫টি বল। এগুলোর রং আলাদা। আবার প্রতিটি বলের গায়ে আলাদা সংখ্যা লেখা। সাজানো এই বলগুলোকে টেবিলের পাশ থেকে একজন লম্বা স্টিকের মাথা দিয়ে আঘাত করল। বলগুলো টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল। তারপর সেই লাঠির মাথা দিয়ে এক এক করে বলগুলো টেবিলের নির্দিষ্ট পকেটে ফেলা হলো। স্টিক দিয়ে রঙিন টেবিলের পকেটে বল ফেলার কসরত হচ্ছে ‘পুল’।ভিনদেশি এই খেলা নগরে চালু হয়েছে বছর দশেক আগে। মহাখালীর স্পোর্টস জোন আর তেজগাঁও-গুলশান সংযোগ সড়কে ফু-ওয়াং ক্লাবের পুল সেন্টারে তখন তরুণদের ভিড় দেখা যেত। এই দুটি পুল সেন্টার বন্ধ হয়ে গেছে। মুঠোফোন ও ফেসবুকে ব্যস্ত তরুণেরা এখন আর আগের মতো পুল সেন্টারে ভিড় করে না। একান্তই যারা পুলপ্রেমী, কেবল তাদের দেখা মেলে নগরের পুল সেন্টারগুলোয়। এগুলোয় প্রায় পুলের মতোই খেলা ‘স্নোকার’ আর ‘বিলিয়ার্ড’ খেলারও ব্যবস্থা আছে।ধানমন্ডির সীমান্ত স্কয়ারের (সাবেক রাইফেলস স্কয়ার) ষষ্ঠতলায় ওয়েস্টার্ন বোলিং অ্যান্ড ফিটনেস সেন্টারে পুল খেলছিলেন রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহেরান মোহাম্মদ সিরাজ ও বেসরকারি চাকুরে রোমিও জামান। নিয়মিতই এখানে আসেন বলে তাঁরা জানালেন। মেহেরান মোহাম্মদ সিরাজ বলেন, ‘নগরে খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই। তাই আমরা চাইলেও মাঠে গিয়ে খেলাধুলা করতে পারছি না। সে কারণেই নিয়মিত এখানে পুল খেলতে আসি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে।’ এ নিয়ে রোমিও জামানের ভাষ্য হচ্ছে, ‘আমি মনে করি, তরুণেরা যদি খেলাধুলায় মন দেয়, তবে তাদের দ্বারা খারাপ কাজ বা নেশা গ্রহণ সম্ভব নয়। তাই পুল খেলায় মগ্ন থাকলে অন্য কোনো চিন্তা মাথায় আসে না।’ পুল খেলতে কারা আসে—জানতে চাইলে ওয়েস্টার্ন বোলিং অ্যান্ড ফিটনেস সেন্টারের ব্যবস্থাপক বিরাজ সাহা বলেন, ‘এখানে যারা পুল খেলতে আসে তাদের বেশির ভাগই তরুণ। অন্যান্য বয়সের লোকজন যে আসে না, তা কিন্তু নয়। তবে তাদের সংখ্যা কম।’অনেকেই পুল খেলতে চান, কিন্তু খেলার কৌশলটা জানেন না। তাই নগরের পুলসেন্টারগুলো খেলা শেখানোরও ব্যবস্থা রেখেছে। এ প্রসঙ্গে ধানমন্ডির ৫৫/এ সাতমসজিদ সড়কের পুল ওয়ার্ল্ডের ব্যবস্থাপক মোহাম্মদ মাহফুজ বলেন, ‘আমরা খেলা শেখানোর জন্য কোনো টাকা নিই না।’ঢাকা শহরে যেসব পুলসেন্টার আছে, সেগুলোয় খেলার খরচ প্রায় একই রকম। পান্থপথের বসুন্ধরা শপিং মলের লেভেল-৮-এর পুল জোনের ব্যবস্থাপক মোহাম্মদ মিলন বলেন, ‘আমাদের এখানে দুইভাবে পুল খেলা যায়। একটি গেম হিসাবে, অন্যটি ঘণ্টা হিসাবে। গেম হিসাবে প্রতি গেম ২৫ টাকা এবং ঘণ্টা হিসাবে প্রতি ঘণ্টা ২০০ টাকা। কেউ চাইলে আধা ঘণ্টাও খেলতে পারবে।’অন্যান্য খেলায় যেমন ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকে, পুল একই সঙ্গে খেলা যায়। পুল জোনের ব্যবস্থাপক মোহাম্মদ মিলন বলেন, ‘পুল খেলতে হয় একটি টেবিলের চারপাশ ঘুরে এবং এখানে তেমন কোনো ঝামেলা নেই। তাই চাইলে এখানে ছেলেমেয়েরা একসঙ্গে খেলতে পারবে, এর জন্য কোনো বাধা নেই।’নগরের পুল সেন্টারগুলো সাধারণত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এসব সেন্টারে সারা বছর এমনিতে পুল খেলা যায়, তবে মাঝেমধ্যে টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। পুল খেলা নিয়ে বেশ কয়েকজন অভিভাবক আপত্তির কথা জানিয়েছেন। কারণ, কোনো কোনো শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে পুল সেন্টারে যায়। আবার এটা খানিকটা ব্যয়বহুল খেলা। তাই কম বয়সীদের পুল সেন্টারে যাওয়ার ওপর কিছুটা নিয়ন্ত্রণ দরকার বলে মনে করেন কোনো কোনো অভিভাবক।খেলার নিয়মপুল খেলার নিয়ম জানালেন ওয়েস্টার্ন বোলিং অ্যান্ড ফিটনেস সেন্টারের ব্যবস্থাপক বিরাজ সাহা। তিনি জানান, পুল সাধারণত দুই নিয়মে খেলা যায়। একটি ‘এইট বল’, অন্যটি ‘নাইন বল’। এইট বলে পুল বোর্ডে ১৫টি বল থাকে। এর মধ্যে সাতটি ‘সলিড’ বল, সাতটি ‘স্ট্রাইপ’ বল ও একটি ‘কালো’ বল থাকে। এ ছাড়া একটি ‘সাদা’ বল থাকে। এই সাদা বলের নাম ‘কিউ’ বল। এই খেলায় দুজন প্রতিদ্বন্দ্বিতা করে। একজনকে নিতে হয় সলিড, আরেকজন স্ট্রাইপ। কিউ বল দিয়ে আঘাত করে সলিড কিংবা স্ট্রাইপ যেকোনো সাতটি বল পর্যায়ক্রমে পকেটে ফেলতে হবে। সবশেষে কালো বল পকেটে ফেলতে হবে। সাতটি বল পকেটে ফেলার পর দুজনের যে আগে কালো বলটি পকেটে ফেলবে, সে-ই খেলায় জিতবে।‘নাইন’ বল খেলায় পুল বোর্ডে নয়টি বল থাকে। এই নয়টি বলের প্রতিটির গায়ে নম্বর থাকে। এর মধ্যে ১ থেকে ৭ নম্বর পর্যন্ত ‘সলিড’ বল, ৮ নম্বর বল ‘কালো’ এবং ৯ নম্বরটি হচ্ছে ‘স্ট্রাইপ’। এই খেলায় ১ থেকে পর্যায়ক্রমে স্ট্রাইপ পর্যন্ত যে আগে পকেটে ফেলতে পারবে, সে-ই জিতবে।