দেশে মাছের চাষ বাড়লেও মিটছে না আমিষের চাহিদা। পুষ্টির নিশ্চয়তা দিতে হলে উন্নত জাতের মাছের চাষ বাড়াতে হবে। এ জন্য মাছ চাষে উন্নত প্রযুক্তির ব্যবহারও অপরিহার্য।গতকাল বৃহস্পতিবার ‘মাছের জাত উন্নয়ন ও পুষ্টি নিশ্চয়তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মৎস্যবিজ্ঞানী, গবেষক এবং মাছ চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এমন অভিমত দিয়েছেন। ওয়ার্ল্ড ফিশ সেন্টার (ডব্লিউএফসি) এবং বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামের (বিএফআরএফ) সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে।প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, আধুনিক বিজ্ঞানের প্রয়োগ শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, দেশীয় মাছের বিনাশ ঠেকাবে। আর মাছের সরবরাহ বাড়লে তা সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দেশের আমিষের চাহিদার প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। কিন্তু মাছের প্রাকৃতিক উৎসগুলো নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। বিগত দুই দশকে মাছের চাষ বাড়লেও উন্নত জাতের সংকট একটা বড় সমস্যা। বৈঠকে জানানো হয়, এই সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে উন্নত জাতের মাছের পোনার উৎপাদন করতে ডব্লিউএফসি ‘ভবিষ্যতের খাদ্য জোগান’ (ফিড দ্য ফিউচার) নামের কর্মসূচি নিয়েছে। এর আওতায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হ্যাচারিগুলোতে উন্নত মানের মাছের জাত প্রসারের কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত বছর।গোলটেবিলে অংশ নেওয়া স্থানীয় মাছচাষিরা বলেছেন, ডব্লিউএফসির নতুন কৌশলের ব্যবহার পোনার উৎপাদন ও মান বাড়িয়েছে ব্যাপকভাবে। সার্বিকভাবে মাছের উৎপাদনও বেড়েছে। প্রকল্পে যশোরের হ্যাচারিগুলো বেছে নেওয়া প্রসঙ্গে ডব্লিউএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক উইলিয়াম জে কলিস বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ হ্যাচারি যশোর জেলায়। মাছ চাষের সম্প্রসারণে যেসব শর্ত পূরণ করা দরকার, বাংলাদেশে তার সবকিছুই রয়েছে, এ কথা উল্লেখ করে কলিস বলেন, ‘এ দেশের মানুষের প্রিয় খাবার মাছ। বাংলাদেশে মাছ চাষের জন্য এটা একটা ইতিবাচক দিক।’ডব্লিউএফসির ডেপুটি চিফ অব পার্টি মঞ্জুরুল করিম আলোচনায় বলেন, বাণিজ্যিকভাবে মাছের চাষ এখন সময়ের দাবি। ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টির নিশ্চয়তা দিতে এর বিকল্প নেই।যশোরের হ্যাচারিগুলো উন্নত জাতের পোনার সংকটে ভুগছে অনেক দিন থেকে। উৎপাদিত পোনার মান পড়ে যাচ্ছে। বাড়ছে না মাছের আকার। উল্লেখযোগ্য পরিমাণ পোনা নষ্টও হয়ে যাচ্ছে।ডব্লিউএফসির প্রকল্পের সঙ্গে যুক্ত মাছ বিশেষজ্ঞ ফ্রান্সেস রাজ জানান, হ্যাচারিতে ব্যবহার করা ভূগর্ভস্থ পানিতে কার্বন ডাই-অক্সাইডের আধিক্যের জন্যই পোনা টিকত না। এ সমস্যা নিরসনে ওঠানো পানির জলাধারের ওপর টাওয়ার তৈরি করে তাতে কয়েকটি স্তরের ছাঁকনি দিয়ে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমিয়ে বাড়ানো হয় অক্সিজেন। আবার উন্নত মানের পোনার জন্য বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে কার্পজাতীয় মাছের (রুই, কাতলা) প্রজনন ঘটিয়ে তার পোনা সরবরাহ করা হয়। রাজ জানান, প্রজনন-প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পুরুষ মাছের শুক্রাণু সংরক্ষণ করে তার সঙ্গে মা-মাছের ডিমের মিলন ঘটানোর নতুন প্রযুক্তিরও ব্যবহার করা হয়।ফরমালিনের ব্যবহার নিয়ে কথাস্বাভাবিকভাবেই বৈঠকে মাছে ফরমালিন প্রয়োগের কথা উঠে আসে। এই প্রসঙ্গ ওঠায় অন্যতম আলোচক মৎস্য অধিদপ্তরের উপপরিচালক গুলজার হোসেন বলেন, খাদ্যে বিন্দুমাত্র ফরমালিন মেশানো দণ্ডনীয় অপরাধ। সরকার এ ব্যাপারে কঠোর ভূমিকা নিয়েছে। ফরমালিন প্রয়োগ রোধ করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনার শুরুতে তিনি বলেন, পুষ্টির সমস্যায় সবচেয়ে বেশি ভোগে গরিব মানুষ। মাছের সরবরাহ বাড়লে তা পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আধুনিক বিজ্ঞানের প্রয়োগ শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, দেশীয় মাছের ধ্বংস ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আলোচক বিএফআরএফের সভাপতি আবদুল ওহাব। মলা, ঢেলার মতো দেশীয় ছোট মাছগুলো অনুপুষ্টির (ভিটামিন এ, দস্তা) আধার। এসবের উৎপাদন বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেন তিনি। চাষের নামে বিভিন্ন প্রজাতির (রুই, কাতলা, মৃগেল) মাছের মিল ঘটিয়ে সংকরায়ণকে একটি অপরাধ হিসেবে গণ্য করা উচিত বলে মন্তব্য করেন ড. ওহাব।সভায় অংশ নেন যশোরের হ্যাচারি মালিক মো. সাইফুজ্জামান। মাছ চাষের প্রসারে চাষিদের নৈতিকতা খুব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাজারে নেওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে মাছকে খাবার দেওয়া বন্ধ করা উচিত। কিন্তু বেশি লাভের আশায় ছয় ঘণ্টা আগেও অনেকে খাবার দেন। চাষের মাছের বিস্বাদ হওয়ার এ-ও এক কারণ।আলোচনায় অংশ নিয়ে খুলনার পাইকগাছার মাছচাষি মো. হাসানুজ্জামান বলেন, মাছ চাষে উন্নত প্রযুক্তির প্রয়োগ তার লাভের অঙ্ক বাড়িয়ে দিয়েছে।বিএফআরএফের গবেষণা ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক বলেন, পোনা, খাবার এবং পানি মাছ চাষের অপরিহার্য তিনটি উপাদান। এই তিনটির উন্নত ব্যবস্থাপনাই ভালো লাভের নিশ্চয়তা দিতে পারে।