অপুষ্টিতে ভোগা গর্ভবতী মা ও শিশুদের সরকার যে খাদ্য সরবরাহ করছে (পুষ্টি প্যাকেট), তাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ব্যাপক ঘাটতি রয়েছে। জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) কর্মকর্তা বলেছেন, পুষ্টির ঘাটতি রয়েছে জেনেও অন্য কোনো বিকল্প না থাকায় তাঁরা বছরের পর বছর একই খাবার সরবরাহ করে আসছেন।পুষ্টি প্যাকেটে ২০ গ্রাম ভাজা চালের গুঁড়া, ১০ গ্রাম ভাজা ডালের গুঁড়া, পাঁচ গ্রাম গুড় ও তিন মিলিগ্রাম তেল থাকলেও প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ নেই। ফলে এই খাদ্যে আমিষের ঘাটতিজনিত অপুষ্টি রোধ করা গেলেও লৌহের ঘাটতিজনিত রক্তস্বল্পতা, ভিটামিন ‘এ’ ও আয়োডিনজনিত অপুষ্টি রোধে এই খাবার কাজে আসছে না।জাতীয় পুষ্টি কার্যক্রমের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনেও এই খাবারকে অপর্যাপ্ত বলে মন্তব্য করা হয়েছে। ২০০৯ সালের ১০ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এনএনপির দুর্বলতা হলো, যারা তীব্র অপুষ্টির শিকার, তাদের জন্য সরবরাহ করা এই খাবার যথেষ্ট নয়। এই খাবারে রক্তস্বল্পতায় ভোগা শিশুদের জন্য প্রয়োজনীয় লৌহের অভাব রয়েছে।জাতীয়ভিত্তিক এক সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, দেশে এক-তৃতীয়াংশ স্কুলগামী শিশু এবং সাধারণভাবে কিশোরী ও মহিলাদের রক্তে হিমোগ্লোবিনের (লোহিত কণিকায় বিদ্যমান এক ধরনের পদার্থবিশেষ) পরিমাণ কম। সন্তান জন্মদানে সক্ষম ৯০ লাখ মহিলা ও দুই কোটি ৩০ লাখ শিশু রক্তস্বল্পতায় ভুগছে। ৪৩ দশমিক ১ শতাংশ মানুষ আয়োডিনের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। আয়োডিনের ঘাটতির কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, শিশুরা প্রতিবন্ধী হচ্ছে, অনেক শিশু জন্মের আগেই মারা যাচ্ছে।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এনএনপিতে যে খাবার দেওয়া হচ্ছে, তাতে যে শুধু প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি আছে তা-ই নয়, তাতে যে আমিষ দেওয়া হচ্ছে (চার গ্রাম) তাও খুব সামান্য। তিনি বলেন, ‘আমাদের দেশের শিশুদের লৌহ ও আয়োডিনসমৃদ্ধ খাবার দিতে হবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য জিংক দিতে হবে। জিংকের অভাব এখন সারা বিশ্বের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে পৃথিবীর প্রায় ৬০০ কোটি মানুষের মধ্যে ২০০ কোটি জিংকের ঘাটতিজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছে।১৪ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশ ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রজেক্টের (বিআইএনপি) আওতায় মাগুরা সদর, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের মতলব, বরিশালের বানারীপাড়া, খুলনার ফুলতলা ও বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্র ব্যক্তিদের মধ্যে পুষ্টি প্যাকেট সরবরাহের কার্যক্রম শুরু করে সরকার। ক্রমে দেশের ১৭২টি উপজেলার অতিদরিদ্র পরিবারের গর্ভবতী ও অপুষ্টিতে আক্রান্ত (বিএমআই ১৭-এর নিচে) মায়েদের দিনে চারটি ও শিশুদের বয়সভেদে একটি কিংবা দুটি করে পুষ্টি প্যাকেট সরবরাহ করে।এনএনপির কর্মকর্তা কমলেশ চন্দ্র রায় জানান, প্রকল্পের মোট বাজেটের ৩০ থেকে ৩২ শতাংশ ব্যয় হয় খাবার সরবরাহে। জানা গেছে, গত অর্থবছরে (২০০৯-২০১০) এনএনপির বাজেট ছিল ১৭১ কোটি টাকা। এর মধ্যে পুষ্টি প্যাকেটে ব্যয় হয়েছে ৫৫ কোটি টাকার মতো।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ গবেষক এস কে রায় প্রথম আলোকে বলেন, ১৯৯৩-৯৪ সালে সরকার, বিশ্বব্যাংক ও ইউনিসেফের অনুরোধে তিনি পুষ্টি প্যাকেটের মিশ্রণটি তৈরি করে দেন। মিশ্রণটি বাড়ির খাবারের পাশাপাশি গর্ভবতী মা ও শিশুদের খাওয়ানোর কথা। পরে ২০০০ সালের দিকে আইসিডিডিআরবি অল্প টাকায় কী করে পুষ্টি প্যাকেটে ভিটামিন ও খনিজ পদার্থ যোগ করা যায়, সে সম্পর্কে এনএনপিকে আনুষ্ঠানিকভাবে জানায়। কিন্তু এনএনপির কর্মকর্তারা সে কথা কানে নেননি।জানতে চাইলে এনএনপির সহকারী পরিচালক এস এম মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গর্ভবতী মায়েদের অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ কিলোক্যালরি খাবার দেওয়া প্রয়োজন। এই প্যাকেট থেকে গর্ভবতী মা অতিরিক্ত চাহিদাটুকু পূরণ করতে পারছেন। এ কথা সত্য, তীব্র অপুষ্টিতে ভোগা মা ও শিশুদের রক্ষায় প্রয়োজনীয় উপাদান এতে নেই, কিন্তু এই খাবারটুকু মন্দের ভালো। পাশাপাশি ভিটামিন ও খনিজযুক্ত খাবার খাওয়ার জন্য মানুষকে সচেতন করা হচ্ছে।এস এম মুস্তাফিজুর রহমান আরও জানান, ভবিষ্যতে এই পুষ্টি প্যাকেটের পাশাপাশি খর্বকায় হওয়া রোধে জিংক, অ্যানিমিয়া রোধে ভিটামিন এ, ফলিক এসিড ও বুদ্ধিহীনতা রোধে আয়োডিন সরবরাহের চিন্তাভাবনা চলছে।