পুষ্টির জন্য শক্তি দই
দারিদ্র্য বিমোচনের জন্য ভিন্ন ধারার এক ব্যবসার সূচনা করতে হবে। সেই ব্যবসার মূল লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে, শিশুদের পুষ্টিমান নিশ্চিত করা। এই স্বপ্ন থেকেই যাত্রা শুরু গ্রামীণ ডানোন ফুডসের। এভাবেই ২০০৬ সালের মার্চে গ্রামীণ গ্রুপ ও গ্রামীণ ফুডসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি তৈরি হয়। এখানে উৎপাদিত শক্তি দই এখন শুধু গ্রামের শিশুদের মধ্যেই নয়, ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে।প্রান্তিক মানুষের সম্পৃক্ততা: সম্প্রতি বগুড়ায় কারখানা পরিদর্শনের সময় গ্রামীণ ডানোন ফুডসের কর্মকর্তা লুক জঁভু জানান, শিশুদের শক্তি জোগাতে বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সুলভে পুষ্টি জোগানোর মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি গ্রামের হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন বিশেষায়িত সামাজিক ব্যবসাটির অন্যতম লক্ষ্য। প্রান্তিক ওই জনগোষ্ঠীর জীবন বদলে দিতে সামাজিক ব্যবসার জোগান, উৎপাদন ও বিপণনে তাদের যুক্ত করা হবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয়ে গ্রামের মানুষের সামর্থ্য বাড়বে। এ ছাড়া প্রতিষ্ঠানকে টেকসই করতে অর্থনৈতিকভাবে লাভজনক করার পাশাপাশি পুনর্নবায়নযোগ্য নয় এমন সম্পদের যতটা পারা যায় সংরক্ষণ করা এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।যা আছে শক্তি দইয়ে: বাংলাদেশের শিশুদের পুষ্টির বিষয়টি মাথায় রেখে শক্তি দই উৎপাদনের পদ্ধতিটি বিশেষভাবে তৈরি করেছেন ডানোনের গবেষণা ও উন্নয়ন বিভাগের বিশেষজ্ঞরা। এ কাজে তাঁরা পুষ্টি নিয়ে গবেষণারত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’-এর কারিগরি সহায়তা নিয়েছেন। ঝোলাগুড় ও চিনি মিশিয়ে গরুর দুধ থেকে উৎপাদিত হয় শক্তি দই। এতে আছে ক্যালসিয়াম ও প্রোটিনের প্রাকৃতিক উপাদান, যা শিশুর বেড়ে উঠতে সহায়তা করে। শক্তি দইয়ের বিশেষ উপাদান শিশুদের ডায়রিয়ার তীব্রতা ও স্থায়িত্ব কমিয়ে দেয়। পাশাপাশি এতে রয়েছে অণুপুষ্টির উপাদান। একটি ৬০ গ্রাম ওজনের শক্তি দই শিশুর প্রতিদিনের ভিটামিন এ, আয়রন, জিংক ও আয়োডিনের ৩০ শতাংশ চাহিদা মেটায়। দরিদ্র জনগোষ্ঠীর সামর্থ্যের কথা ভেবে প্রতিটি ৬০ গ্রাম ওজনের কাপের দাম রাখা হয়েছে সাত টাকা। এ ছাড়া ৪০ গ্রাম ওজনের পাউচের দাম পাঁচ টাকা।বছরে এক হাজার ৬০০ টনের উৎপাদন-চাহিদা নিয়ে বগুড়ায় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ডানোন ফুডসের প্রথম কারখানা। এতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি খাদ্যের নিরাপত্তা সমন্বয় করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে মোট লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ দই উৎপাদন করা হচ্ছে। শুরুতে বগুড়ার আশপাশের ৩০ কিলোমিটারের মধ্যে সীমিত ছিল শক্তি দইয়ের বিপণন। স্থানীয় শিশুদের হাতে পুষ্টি পৌঁছে দিতে এই ব্যবস্থা নেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের সহায়তায় নির্বাচিত নারীদের মাধ্যমে এই দই বিক্রি করা হতো। পরে বগুড়া শহরে শুরু হয় খুচরা বিক্রির প্রক্রিয়া। ধীরে ধীরে বিপণনের আওতায় এসেছে রাজশাহী ও পাবনার দোকানগুলো। বগুড়া ও আশপাশের এলাকায় বিক্রির পর ২০০৮ সালের নভেম্বরে শক্তি দই ঢাকায় বিপণনের সিদ্ধান্ত হয়।আগামী দিনের পরিকল্পনা: বর্তমানে যেভাবে এগোচ্ছে, তাতে গ্রামীণ ডানোন কর্তৃপক্ষ মনে করে, ২০১৩ সালে প্রতিষ্ঠানটির আয়-ব্যয় সমান হবে। এর মধ্যে আগামী বছরই ঢাকার অদূরে সাভারে চালু হতে যাচ্ছে দ্বিতীয় কারখানা। ২০১৫ সালের মধ্যে কর্তৃপক্ষ ৪০০ জনের কর্মসংস্থানের পাশাপাশি দুই হাজার ২৫০ জন কৃষক ও ছয় হাজার ৫০০ জন নারী বিক্রয়কর্মীর জীনযাত্রার মান পরিবর্তনের পরিকল্পনা করছে।