পুসান উৎসবে টেলিভিশন
মোস্তফা সরয়ার ফারুকী টেলিভিশন নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন, এটা কোনো নতুন খবর নয়। তবে, ২০১২ সালে টেলিভিশন চলচ্চিত্রটি বাংলাদেশের জন্য বয়ে নিয়ে এসেছে অনন্য এক সম্মান, এটি অবশ্যই পুলক জাগানোর মতো খবর। এ বছর দক্ষিণ কোরিয়ার পুসান চলচ্চিত্র উৎসবে ‘রেড কার্পেট’-এর সম্মানে ভূষিত হয়েছে টেলিভিশন। উৎসবের শেষ দিনে ছবিটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।এ বছর নিজের চলচ্চিত্রটি নিয়ে পুসান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাঁর পছন্দের নির্মাতা কিম কি দুকের সঙ্গে বসে দেখেছেন চলচ্চিত্রটি। প্রদর্শনীর পর দক্ষিণ কোরিয়ার চিত্রনির্মাতা কিম কি দুক টেলিভিশনকে ‘গুড ফ্লিম’ বলে অভিহিত করেছেন। শুধু কিম কি দুক নন, এই চলচ্চিত্রের প্রশংসায় পঞ্চমুখ অন্য নির্মাতারাও। অনেক বিদেশি নির্মাতা এই চলচ্চিত্রকে ‘নতুন ধরনের সিনেমা’ বলে আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে ২০১২ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নিয়ে এসেছে নতুন আশার বার্তা। আলতাফ শাহনেওয়াজ