পুড়ছে আমনখেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়ায় এবার রোপা আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জাতের ধান চাষের জন্য বৃষ্টির প্রয়োজন। কিন্তু ভরা মৌসুমেও বৃষ্টির দেখা না পাওয়ায় এলাকাগুলোতে রোপা আমনের উত্পাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:বেড়া: ‘অন্য বছর এই সময়ে খ্যাতে বুকসমান পানি থাকে, পানির সঙ্গে পাল্লা দিয়্যা ধানগাছও বড় হয়া যায়। অথচ ইবার পানির অভাবে ধানের চারার বাড়ন্ত নাই। খ্যাতেই শুকায়া মরত্যাছে।’ পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক রওশন আলী এ কথাগুলো বলেন। মাসদুয়েক আগে গ্রামের পার্শ্ববর্তী শিকারি বিলের চার বিঘা জমিতে বরাবরের মতো এবারও বোনা আমনের বীজ ছিটিয়েছিলেন তিনি। তাতে যে চারা গজিয়েছিল, এত দিনে সেগুলো অন্তত পাঁচ ফুট লম্বা হওয়ার কথা। কিন্তু চারাগুলোর বড় হওয়া দূরের কথা, শুকিয়ে মরার দশা হয়েছে।পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সব আমনখেতেরই এখন এমন অবস্থা। শ্রাবণ মাস শেষ হতে চলেছে। কিন্তু এখনো এই এলাকায় প্রত্যাশিত বৃষ্টি না হওয়ায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুই উপজেলায় আমন চাষে দেখা দিয়েছে চরম বিপর্যয়।সাঁথিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘সাঁথিয়ার প্রচুর জমিতে বোনা আমনের চাষ হয়ে থাকে। এ ধরনের ধানের চাষ পুরোপুরিভাবে বর্ষা অথবা বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। বর্তমান খরা পরিস্থিতি অব্যাহত থাকলে বোনা আমন ক্ষতিগ্রস্ত হতে পারে।’রায়গঞ্জ: বৃষ্টি ও পানির অভাবে উপজেলার নিচু অঞ্চলগুলোতে বোনা আমন নষ্ট হতে বসেছে। অপরদিকে রোপা আমন চাষের মৌসুম শুরু হলেও উপজেলার নয় ইউনিয়নে পানির অভাবে আমনের চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মৌসুম শেষ হওয়ার আশঙ্কায় কৃষক বাধ্য হয়েই গভীর-অগভীর নলকূপ দিয়ে সেচের মাধ্যমে আমনের চাষ শুরু করেছেন।উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, এই মৌসুমে উপজেলায় ১৯ হাজার ১০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩ আগস্ট পর্যন্ত আট হাজার ৫০০ হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। উপজেলার রণতিথা গ্রামের কৃষক আবদুল হালিম মুন্সি বলেন, ‘এ বছর বন্যা না হওয়ায় জমিতে রোপা আমন চাষের উদ্যোগ নিয়েছি। কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় জমি তৈরি করতে পারছি না। খরচ বেশি হলেও এখন বাধ্য হয়েই সেচযন্ত্রের মাধ্যমে চারা রোপণ করতে শুরু করেছি। এতে খরচ বেড়ে যাওয়ায় যে পরিমাণ জমিতে আবাদের কথা ভেবেছিলাম, তা পারছি না।’উপজেলা কৃষি কর্মকর্তা অজিত কুমার সরকার বলেন, ‘আবাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য মাঠপর্যায়ে আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছি। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত ধান লাগানো যাবে। আবহাওয়া অনুকূল থাকলে আবাদ ভালো হওয়ার এখনো আশা করছি।’দুপচাঁচিয়া: ‘আকাশত মেঘ দেকলেই মনডা ভরা ওঠে। চারদিকে আকাশত গুড়মুড় শব্দ হয়, কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার জন্যি হামাকেরে পাতারোত (খেতে) মাটি ফ্যাটা গেছে। ধানের গাছ হলুদ হয়্যা গেছে। ইংকা (এ রকম) অবস্থা আর কয়েক দিন চললে পাতারের ধান পুড়া যাবে। বৃষ্টির এই অবস্থা দেকা অনেক পাতারোত শ্যালোমেশিন দিয়্যা পানি ছেচিচ্ছে। এবার ধান না হলি হামাকরোক না খাইয়া মরা লাগবে।’ কথাগুলো বললেন দুপচাঁচিয়া উপজেলার বড় নিলহালি গ্রামের কৃষক আবদুল কুদ্দুস (৫৬)। তিনি এবার পাঁচ-ছয় বিঘা জমিতে রোপা আমনের চাষা করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পানির অভাবে তাঁর সব জমি ফেটে গেছে। ধানের গাছ হলুদ হয়ে গেছে।জুনের শেষ থেকে শুরু করে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলে রোপা আমন রোপণের কাজ। বৃষ্টির পানিতেই এই ধান চাষ করেন কৃষকেরা। কিন্তু মৌসুমের শুরু থেকে এবার বৃষ্টি না হওয়ায় অধিকাংশ খেত পানির অভাবে ফেটে গেছে। অনেক কৃষকই শ্যালো দিয়ে খেতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু গত এক বছরেও এখানে বর্ষা না হওয়ায় ভূগর্ভেও পানির স্তর নেমে গেছে। এতে রোপা আমন চাষাবাদ হুমকির মুখে পড়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলায় রোপা আমন উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন। মৌসুমের শুরু থেকে প্রচণ্ড খরা ও দাপদাহে খেতগুলো শুকিয়ে গেছে। শ্যালো ও ডিপ টিউবওয়েল দিয়ে জমিতে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।উপজেলার চামরুল ইউনিয়নের ভালী গ্রামের কৃষক মোসলিম উদ্দিন সরদার (৫৫) বলেন, ‘বৃষ্টির পানি দিয়্যাই আমন ধান ভালো হয়। শ্যালো পানি দিয়্যা ফলন বেশি পাওয়া যায় না। আর কয়েক দিন পরিস্থিতি দেকা সে রকম হলে শ্যালো দিয়া খ্যাতত (খেতে) পানি দিমো।’উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরোয়ার হোসেন বলেন, উপজেলার অধিকাংশ খেতে পানি নেই। তাই ধানগাছ বড় হচ্ছে না। এতে ফলন কমে যাবে। তাই শ্যালো দিয়ে সেচের ব্যবস্থা করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।