পুড়িয়ে দেওয়ার ১০ দিন পর চালু হলো দ্রুতযান এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুড়িয়ে দেওয়ার ১০ দিন পর আজ শুক্রবার সকাল আটটা ২২ মিনিটে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো পূর্ণাঙ্গ ট্রেন নয়। রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চল জোন থেকে বগি সংগ্রহ করে সমন্বয় করে এটি আবার চালু করা হলো। এ অঞ্চলের যাত্রীদের জরুরি চাহিদার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ট্রেনটি দ্রুত চালুর ব্যবস্থা করেছে।’ট্রেনটির পরিচালক মো. আবদুস সবুর খান বলেন, ‘একটি প্রথম শ্রেণীর কুপ, একটি চেয়ার কোচ, শোভন শ্রেণীর দুটি চেয়ার কোচ এবং ছয়টি শোভন সাধারণ কোচসহ মোট ১০টি বগি নিয়ে দ্রুতযান ট্রেনটি আবার যাত্রা শুরু করেছে। ট্রেনটিতে কোনো খাবার গাড়ি নেই। পুড়ে যাওয়া ইঞ্জিনটি পার্বতীপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে। দেশে চলমান ট্রেনগুলোর নির্দিষ্ট কোনো ইঞ্জিন নেই। কারণ, যতগুলো ট্রেন চলাচল করে ইঞ্জিন তার চেয়ে কম রয়েছে। ফলে একটি ট্রেন গন্তব্যে পৌঁছার পর ওই ইঞ্জিন নিকটবর্তী সময়ে অন্য ট্রেনকে নিয়ে নতুন গন্তব্যে যাত্রা করে থাকে। এ প্রক্রিয়ায় দ্রুতযান ট্রেনটির ইঞ্জিন সমন্বয় করা হয়েছে।’দিনাজপুর রেলস্টেশনের টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, মোট ১৪১ জন যাত্রী নিয়ে ট্রেনটি দিনাজপুর স্টেশন ছেড়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত মোট ১৬টি স্টেশনে ট্রেনটি থামবে। দিনাজপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ারুল ইসলাম জানান, এত বড় দুর্ঘটনার মাত্র ১০ দিন পর দ্রুতযান ট্রেনটি পুনরায় চালু করা বাংলাদেশ রেলওয়ের জন্য অবশ্যই একটি বড় সাফল্য।