পুড়ে অঙ্গার শত প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সন্ধ্যায় শুরু হওয়া আগুন জ্বলেছে রাতভর। চোখের সামনে প্রিয়জনের পরিণতি দেখে সারা রাত বিলাপ করেছেন বাইরে থাকা স্বজনেরা। রাত পেরিয়ে সকাল হয়েছে। অপেক্ষার পরিণতি—আগুনে দগ্ধ ১০১ জন মানুষের পুড়ে যাওয়া মাংসপিণ্ড। আর লাফিয়ে পড়ে মারা গেছেন আরও ১০ জন। পুড়ে যাওয়া ভবন থেকে এনে স্কুলের বারান্দায় সারি সারি করে রাখা হয় লাশগুলো। লাশ বললে হয়তো ভুলই হবে। কারণ, কালো কুচকুচে কতগুলো মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নেই। পোড়া গন্ধে দম আটকে আসে। কিন্তু এর মধ্যেই পরম মমতায় ব্যাগে মোড়ানো এক একটি মৃতদেহ ছুঁয়ে দেখছেন স্বজনেরা। খোঁজার চেষ্টা করেছেন প্রিয়জনদের। যাঁরা পেয়েছেন, তাঁরা কান্না নিয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু যাঁরা পাননি, তাঁদের আহাজারি এখনো শেষ হয়নি। জায়গাটার নাম নিশ্চিন্তপুর। কিন্তু আগুন লাগার দুই দিন পর, গতকাল সোমবারও লাশ পাওয়া না-পাওয়ার অনিশ্চয়তা কাটেনি স্বজনদের। বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসে সবচেয়ে বড় এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলতে নারাজ স্বজনেরা। তাঁদের কাছে এটি হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়। কারণ, এর আগেও এভাবে আগুনে পুড়ে শত শত শ্রমিক লাশ হয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভয়াবহ এই দুর্ঘটনায় সারা দেশেই এখন শোকের ছায়া। আজ মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে। রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস লিমিটেডে গত শনিবার ওই অগ্নিকাণ্ড ঘটে। নয়তলা ওই ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে গেছে। দুই দিন ধরে সেখানে চলছে কেবলই আহাজারি। অনেক কষ্টে যাঁরা স্বজনদের লাশ চিহ্নিত করেছেন, তাঁরা যেমন কেঁদেছেন, তেমনি যাঁরা লাশ পাননি, তাঁরাও কাঁদছেন। প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন। ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় মোট মারা যাওয়া ১১১ জনের মধ্যে লাফিয়ে পড়া নয়জনের মৃতদেহ শনিবার রাতেই স্বজনেরা বুঝে নিয়েছেন। একজন মারা গেছেন হাসপাতালে। পুড়ে যাওয়া ৪৩টি মরদেহ রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর কোনোভাবেই চিহ্নিত করতে না পারা ৫৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার পর আজ মঙ্গলবার তাঁদের রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে। যেভাবে আগুনের সূত্রপাত: আগুনে পোড়া ওই ভবনটির নিচতলায় গিয়ে দেখা গেছে পুড়ে যাওয়া সুতার স্তূপ। প্রতিটি তলায় পুড়ে যাওয়া মেশিন আর কোথাও কোথাও মানুষের পুড়ে যাওয়া দেহের অংশবিশেষ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনোভাবে আগুন লেগে গুদামে রাখা কাপড় ও সুতায় তা ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে গুদামসহ পুরো কারখানায়। তবে, কারখানার শ্রমিক আর স্থানীয় লোকজনের দাবি, কারখানার নিচতলায় স্থাপিত বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।শ্বাসরুদ্ধকর সাড়ে ১০ ঘণ্টা: শনিবার সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো নিচতলায়। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া দেখে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের শত শত মানুষ। কিন্তু আগুনের তীব্রতার কাছে তাঁরা ছিলেন অসহায়। খবর পেয়ে আগুন নেভাতে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। কিন্তু কারখানার সামনের সরু রাস্তা ছাড়া অন্য সব প্রবেশপথই বন্ধ। ফলে তাদের আসতে সমস্যা হয়েছে। এ ছাড়া, কারখানার তিন পাশে বাড়িঘর থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারছিলেন না অগ্নিনির্বাপণ কর্মীরা। সেই সঙ্গে পানির সংকটও ছিল তীব্র। ঘটনার প্রত্যক্ষদর্শী নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমান, ইউসুফসহ আরও অনেকে জানান, সন্ধ্যায় আগুন লাগার পরপরই ধোঁয়ার কুণ্ডলী দেখে তাঁরা ওই কারখানার দিকে ছুটে যান। প্রচণ্ড তাপে তখন কারখানার সামনে ভেড়া সম্ভব হচ্ছিল না।রাত আটটার দিকে অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও রাত সাড়ে আটটার দিকে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানির অভাব আর কারখানার পেছনে যাওয়া সম্ভব না হওয়ায় রাত ১১টার পর কারখানার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার পেছনের দিকে আগুনের ব্যাপকতা বেড়ে যায়। রাত দেড়টার দিকে তা ভয়াবহ রূপ নেয়। পরে লম্বা পাইপ দিয়ে পেছন দিক থেকে পানি দেওয়ার পর ধীরে ধীরে আগুনের তীব্রতা কমতে থাকে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসে।লাশ আর লাশ: রাত থেকে সকাল পর্যন্ত ওই ভবনের আশপাশে থাকা স্বজনেরা কেবল বিলাপই করেছেন। সকাল আটটার দিকে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন দ্রুত মরদেহ উদ্ধারের দাবি জানান। কিন্তু উপস্থিত পুলিশ কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে না পারায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন লোকজন। এ সময় পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর দুর্ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যা ব। সেনাবাহিনীর সাভারের আঞ্চলিক কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সৈয়দ হাসান সরোয়ার্দী লোকজনকে শান্ত করতে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর নিশ্চিন্তপুর থেকেই লাশ হস্তান্তরের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এরপর রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা মরদেহগুলো উদ্ধার করে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ওই ভবন থেকে পুড়ে যাওয়া মোট ১০১টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক মারা গেছেন তৃতীয় তলায়। আগুন নেভার পর এই তলা থেকে উদ্ধার করা হয় ৬৯টি মরদেহ। এ ছাড়া, চতুর্থ তলায় ২১ জন এবং পঞ্চম তলা থেকে উদ্ধার করা আরও ১০টি মরদেহ। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মাহবুবুর রহমান অভিযান সমাপ্তির ঘোষণা দেন। স্বজনদের আহাজারি, বিলাপ: উদ্ধার করার পর লাশগুলো নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হলে শুরু হয় স্বজনদের আহাজারি। চারপাশে পোড়া গন্ধ উপেক্ষা করে স্বজনেরা লাশ চিহ্নিত করতে থাকেন। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায়ও নিজের মেয়েকে খুঁজে না পেয়ে গগনবিদারী আহাজারি শুরু করেন বিলকিস আক্তার। চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘আমি আপনাগের পায়ে পড়ি। আমি কঙ্কাল চাই না। আপনারা খালি আমার মাইয়ার লাশটা ফিরাইয়া দেন।’ মেয়ে মুন্নী আর তিনি একসঙ্গেই কাজ করছিলেন। মা বেঁচে ফিরলেও মেয়ে ফেরেননি। রংপুরের মিঠাপুকুরের আনোয়ার ইসলাম ভাগ্য ফেরাতে ঢাকায় এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী রেহানা আক্তার। কিন্তু এখন আর স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না। আনোয়ার প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর আগুন আর কালো ধোঁয়া দেখে তিনি স্ত্রীকে আনতে দোতলা থেকে ষষ্ঠ তলায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আশপাশের লোকজন তাঁকে ওপরে উঠতে বাধা দেন। আর সিঁড়িতে তখন ঘুটঘুটে অন্ধকার। জীবন বাঁচাতে তিনি একপর্যায়ে বেরিয়ে আসেন। কিন্তু স্ত্রীকে আর পাননি। সকাল থেকে আনা সবগুলো লাশের মধ্যে স্ত্রীর মুখ খোঁজার চেষ্টা করেছেন তিনি। কিন্তু পাননি। আনোয়ারদের এলাকারই মেয়ে আফরিনও (২২) কাজ করতেন এই কারখানায়। বোনের খোঁজে রংপুর থেকে ভোরে ছুটে এসেছেন ভাই আসাদুল ইসলাম। একবার তিনি কারখানা ভবনের পাশে যাচ্ছেন, আবার ছুটছেন স্কুলমাঠে। কিন্তু বোনকে চিনতে পারেননি তিনি। চেনার কোনো উপায়ও নেই। সাদা ব্যাগে মোড়ানো অধিকাংশ লাশ নারী না পুরুষের, সেটিও বোঝার উপায় নেই। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে যখন স্থানীয় প্রশাসন ৫৮টি লাশ বুঝিয়ে দেয়, তখন মাতম আরও বেড়ে যায়। যেন প্রিয়জনকে শেষবারের মতো বিদায় দিচ্ছেন তাঁরা। মরদেহ দেখে নয়, কানের দুল দেখে রাজবাড়ীর শিউলিকে চিনলেন তাঁর স্বামী শোয়েব। দুলটা তিনিই দিয়েছিলেন। স্ত্রীকে চিনতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আরেক পাশে ছেলে কামালের লাশ পেয়ে মা শরিফা খাতুন আর্তনাদ করছিলেন, ‘ওগো আল্লাহ, আমি কী নিয়ে বাঁচমু?’ অনেক কষ্টে স্কুলমাঠে নিজের ছেলের লাশ চিহ্নিত করেই অজ্ঞান হয়ে যান সুমনের মা। বিলাপ করে করে তিনি বলেন, ‘আমার কলিজার টুকরা শহীদ হয়েছে। আমার বংশের বাতি জ্বালানোর মতো আর কেউ রইল না।’ বোনের লাশের জন্য স্কুলমাঠে বুক চাপড়াচ্ছিলেন রংপুরের মিঠাপুকুরের নুরজাহান বেগম। তিনি বলেন, ‘এত লাশ, হামার ছোট বোইন ববিতার লাশ কোনঠে?’ কেন এত প্রাণহানি: নিচতলায় গুদামের সুতা থেকে আগুনের তীব্রতা বৃদ্ধি, দুর্বল অগ্নিনির্বাপণব্যবস্থা এবং জরুরি নির্গমন পথ না থাকার কারণেই এত প্রাণহানি হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। এর পাশাপাশি আরও কিছু কারণ চিহ্নিত করেছেন শ্রমিকেরা। লাইন ইনচার্জ কামরুল হাসান বলেন, আগুন লাগার পর তৃতীয় তলার মূল ফটকে তালা মেরে দেওয়া হয়। এর ফলে সেখান থেকে লোকজন বের হতে পারেননি। বেঁচে যাওয়া শ্রমিক দীপা, রিনুসহ ওই কারখানার অনেক কর্মী বলেছেন, সংকেত শুনে তাঁরা বের হতে চাইলেও মহড়া চলছে, কিছু হয়নি বলে তাঁদের বের হতে মানা করেছেন কর্মকর্তারা। কিন্তু এর মিনিট পাঁচেক পরেই প্রচণ্ড ধোঁয়া দেখে বুঝতে পারেন ভয়াবহ আগুন লেগেছে। কর্তৃপক্ষের অবহেলার পাশাপাশি কারখানার ছাদের দরজা বন্ধ থাকার কারণেও লাশ বেড়েছে বলে দাবি করেন বেঁচে যাওয়া শ্রমিক সালমা। আরেক শ্রমিক সেলিনা বলেন, আগুন লাগার সংকেত বাজার পরপরই উচ্চ স্বরে গান বাজানো হয়। ফলে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। যাঁদের পরিচয় জানা গেছে: নিহত ১১১ জনের মধ্যে যাঁদের পরিচয় মিলেছে: কাকলি, নয়ন, আজিমুদ্দিন, রূপসা, তোফজ্জেল, দুলাল, ফরিদা, রাশেদা, নাসরিন, মঞ্জুরা, পলাশ, বিউটি, সুমন, মিতু, মালা, ফারুক, সাদ্দাম, দুলালি, মৌসুমি, শাহ আলম, সুমাইয়া, বুলবুলি, শিউলী, ফায়জুল, জান্নাতুল ফেরদৌস, রেহানা, রানা, আনোয়ারা, মাসুদ, রহিমা, মনিরা, কবির, মাহমুদা, মালেক, আদুরী, শিরিন, হালিমা, গোলাপী, স্বাধীন, মাহমুদ, মুন্নি, বিভাস, রেহানা, মরিয়ম, মৌসুমী, মোরশেদা, নুরুন্নেছা, শারমিন, জুলেখা, মারুফ, আবদুল কাদের ও জুলেখা।তদন্ত কমিটি: অগ্নিকাণ্ডের ১৬ ঘণ্টা পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুপুরে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দুপুরেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘পোশাক কারখানাগুলোতে অগ্নিনির্বাপণের যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য মালিকদের বাধ্য করতে হাইকোর্ট একটি রুল দিয়েছিলেন। কিন্তু প্রশাসন ও মালিকপক্ষ এই নির্দেশ মানছেন না। বিষয়টি নিয়ে আদালতে যাবেন।’ অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে আহ্বায়ক করে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া, শ্রম মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পৃথক তিনটি তদন্ত কমিটি করেছে। আর্থিক সহায়তা: নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আহত ব্যক্তিদেরও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বিজিএমইএ। আবার তাজরীন ফ্যাশনের ক্রেতা প্রতিষ্ঠান হংকংভিত্তিক লি অ্যান্ড ফুং নিহত ব্যক্তিদের এক লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছে। থানায় মামলা: অগ্নিকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম বাদী হয়ে গত রোববার বিকেলে মামলা করেন। অগ্নিকাণ্ড ও নরহত্যার অভিযোগে দায়ের করা ওই মামলায় কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে আসামি করা হয়নি বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের আসামি করা হবে। এখনো শোকের ছায়া: দুর্ঘটনার পর আশুলিয়ার পোশাকশ্রমিকেরা এখনো আতঙ্কগ্রস্ত। কারখানার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিতে গতকাল সকালে আবদুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়কে মিছিল বের করেন তাঁরা। অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় ছুটি ঘোষণা করা হয় আশুলিয়ার সব কারখানা। পরে পুলিশ ও র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হতাহতের এই ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তবে নিশ্চিন্তপুরের শোক এখনো থামেনি। দূরদূরান্ত থেকে আসা স্বজনেরা এখনো প্রিয়জনের খোঁজ করছেন। স্বজনহারা এবং নিশ্চিন্তপুরের মানুষের প্রশ্ন—এমন মৃত্যু কবে বন্ধ হবে বাংলাদেশে।