দাউ দাউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী জুট মিলের তিনটি গুদামে রাখা কোটি কোটি টাকার পাট। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ডেমরার এই পাটকলটির ৩ নম্বর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রথম আলোকে বলেছেন, তিনটি গুদামে ৭৫ হাজার মণ পাট ছিল, যার বাজারদর ১৫ কোটি টাকা।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে পাটকলটির ৩ নম্বর গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তখন আটটি গুদাম পাটে ভর্তি ছিল।আহমেদ লতিফ বাওয়ানী জুট মিলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পাটকল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত পাটকলটিতে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন।গতকাল রোববার রাত ১২টায় পাটমন্ত্রী প্রথম আলোকে বলেন, তিনটি গুদাম পুরোপুরি পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে। পাটগুদামের আগুন ধিকিধিকি জ্বলে, সহজে নেভে না। তবে আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘তিনটি গুদামে প্রায় ৭৫ হাজার মণ পাট ছিল, যার বাজারদর ১৫ কোটি টাকা। তবে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বাজারে বিক্রি করলে আমরা পেতাম ৩৭ কোটি টাকা। এ ছাড়া আগুনে গুদামগুলোও নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা হিসাব করছি, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হতে পারে।’পাটমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক (পাট) তরিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া এর কারণ খুঁজে বের করতে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞদেরও বলা হয়েছে। তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও থাকছেন।মন্ত্রী বলেন, ‘যে সময় আমরা পাটের সুসময় ফিরিয়ে আনতে উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছিলাম, ঠিক সেই সময়েই এই গুদামে আগুন লাগল।’ তবে এ ঘটনায় নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা তদন্তের পরেই বলতে পারব।’দাউ দাউ আগুন: পাটকলের নিরাপত্তারক্ষী অমল চন্দ্র সিংহ জানান, রাতে তাঁর মূল ফটকে দায়িত্ব ছিল। রাত সাড়ে আটটার দিকে ৩ নম্বর গুদাম থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর তাঁরা নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার গুদাম থেকে দাউ দাউ আগুনে পুরো এলাকা লাল হয়ে ওঠে। অনেক দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। আগুন গ্রাস করে পাশের আরও দুটি গুদামকেও। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার ফলে দুই ঘণ্টা পর আগুনের মাত্রা একটু কমে। পাটকলটির মহাব্যবস্থাপক এনামুল হক প্রথম আলোকে বলেন, এই কলটিতে মোট আটটি গুদাম ছিল। এর মধ্যে তিনটি পুড়ে গেছে। গুদামগুলো পাটে ভরা ছিল।ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রশীদ রাত সাড়ে ১২টায় প্রথম আলোকে বলেন, পাটকলটির ১, ২ ও ৩ নম্বর গুদাম পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে পাটের আগুন নেভানো খুবই কষ্টের, এই আগুন ধিকিধিকি জ্বলে। গুদাম থেকে একেবারে সব পাট বের করে আগুন না নেভানো পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না।উপপরিচালক জানান, ফায়ারের ১০টি ইউনিট আগুন নেভানো কাজে যোগ দিয়েছে। আগুন নেভাতে গিয়ে একজন ফায়ারম্যান গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির হিসাব আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত বলা যাবে না।নাশকতার অভিযোগ শ্রমিকদের: অগ্নিকাণ্ডের সময় মিলের শ্রমিকেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মিলের একজন ও বিজেএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছেন। শ্রমিকদের দাবি, ওই দুই কর্মকর্তা কম দামে নিম্নমানের পাট মজুদ করে বেশি দাম দেখিয়েছেন। কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে পাটকলে নানা গুঞ্জন চলছিল। দু-এক দিনের মধ্যেই পাটকলে তদন্ত দল আসারও কথা ছিল বলে জানান শ্রমিকেরা। তাঁদের সন্দেহ, তদন্তের আগেই সব দুর্নীতির চিহ্ন মুছতে ওই দুই কর্মকর্তা এই নাশকতা ঘটিয়েছেন।শ্রমিকেরা জানান, গত বুধবারও কারখানায় একবার আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে ওই আগুন নিভিয়েছেন। আর গতকাল যথাসময়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি বলে অভিযোগ অনেক শ্রমিকের।তবে এ বিষয়ে মহাব্যবস্থাপক এনামুল বলেন, পাটকলে তদন্ত দল আসার বিষয়ে তাঁর কিছু জানা নেই।