পুড়ে মরার আগে সাহায্য চেয়ে ফেসবুকে বার্তা
গতকাল রোববার ব্রাজিলের একটি নৈশ-ক্লাবে আগুনে পুড়ে মৃত্যুবরণ করার কয়েক মুহূর্ত আগে ২০ বছর বয়সী এক তরুণী ফেসবুকে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছিলেন।ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহর শান্তা মারিয়ার ‘কিস’ নৈশ ক্লাবের আগুনে চিকিত্সা শাস্ত্রের এ শিক্ষার্থী মিশেল কারর্দোসোসহ ২৩৪ জন প্রাণ হারান। আহত হন ১০৬ জন। ডেইলি মেইল আজ সোমবার জানায়, ঘটনার দিন মিশেল তাঁর বোন ক্লারিসা এবং ছেলেবন্ধু জোয়াও পাওলোকে নিয়ে স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ের ভোজ উত্সবে যোগ দিতে ওই ক্লাবে যান।তদন্তকারীরা ধারণা করছেন, উত্সবে ছোটখাটো গানের দলটি সংগীত পরিবেশন করবার সময় যে আতশবাজি পোড়ায় তা থেকে আগুন শুরু হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী শ্বাস রুদ্ধ হয়ে মারা যান।ঘটনার পর পুলিশ ক্লাবটির অন্যতম মালিক এলিসান্দ্রো স্পোর, গানের দলটির প্রধান গায়ক গুরিজাদা ফানদানগুয়েরা এবং দলটির এক নিরাপত্তা রক্ষীকে আটক করেছে। ক্লাবের আরেক মালিক মুরো হফম্যানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পুলিশ।আগুন শুরু হওয়ার প্রায় পঞ্চাশ মিনিট পর মিশেল কারদোসো তাঁর মোবাইলের মাধ্যমে ফেসবুকে এক বার্তা পাঠান। সেটিতে যা লেখা ছিল, তার অর্থ ‘কিসে আগুন লেগেছে। সাহায্য করুন।’ বার্তা পোস্ট করার কিছুক্ষণের মধ্যে তাঁর বন্ধুরা ব্যাকুল হয়ে বার্তা পাঠাতে থাকেন। তিনি কেমন আছেন, কোথায় আছেন, নিরাপদে আছেন কিনা ইত্যাদি জানার জন্য বার্তা আসতে থাকে। তবে সেসব বার্তার কোন জবাব দেওয়া হয়নি।কারদোসো মারা গেছেন, এমনটি নিশ্চিত হওয়ার পর, তাঁর এক বন্ধু লিখেছেন, ‘রাতে যখন আমি দেখলাম ও সাহায্য চাইছে, তখন শুরুতেই আমি তা বিশ্বাস করিনি। পরে আমার মা আমাকে ডেকে তুলে দুর্ঘটনাটির কথা জানালে আমি সব বুঝতে পারি।’তদন্তকারী দলের কর্মকর্তারা আজ জানিয়েছেন, অধিকাংশের মৃত্যু হয়েছে ক্লাবটির গোসলখানায়। সম্ভবত গোসলখানার দরজাকে বাইরে বেরোনোর পথ ভেবে তাঁরা সেদিকে ছুটে গিয়েছিলেন।শান্তা মারিয়ার সামরিক পুলিশ বাহিনীর প্রধান এদি গার্সিয়া জানান, বিভিন্ন টয়লেট থেকে তাঁরা ১৮০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছেন। তিনি বলেন, দৃশ্যটি ছিল ভয়ংকর। এতগুলো তরুণ-তরুণী এত ছোট জায়গায় পড়ে আছেন।আজ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২৩৪ জন প্রাণ হারিয়েছেন। অধিকাংশই মারা গেছেন শ্বাসরোধ হয়ে। আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেনি। মৃতদের মধ্যে প্রায় ১০০ জনকে আজ কবর দেওয়া হয়েছে।ক্লাবটির এক মালিক জানিয়েছেন, তাঁরা তাঁদের অনুমোদনপত্র নবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। এক বছর আগে ক্লাবটির অগ্নি নিরাপত্তার সনদ মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। তিনি বলেন, ঘটনার পর তাঁকে ইন্টারনেট মারফত হুমকি দেওয়া হচ্ছে।