পূজা আর অঞ্জলি দিয়ে শুরু হলো মহাসপ্তমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ সোমবার শারদীয় দুর্গোত্সবের মহাসপ্তমী উদযাপিত হচ্ছে। সকাল নয়টা ৫৭ মিনিটের দিকে দেবী মহামায়ার মহাসপ্তমীর বিহিত পূজা হয়েছে। সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে ভক্তরা পূজা করেন। দেবীর পায়ে ভক্তিসহকারে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উত্সবের নানা আয়োজন চলবে। মহাসপ্তমীর অপরিহার্য অংশ হিসেবে বস্ত্র বিতরণ করা হবে।সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা শেষে অঞ্জলি দেওয়া হয় ও পরে প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। সন্ধ্যায় ভোগ-আরতি অনুষ্ঠিত হবে।