পূজানন্দ চমৎকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি আঁকতে জানলে ছবি এঁকে বুঝিয়ে দেওয়া সহজ হতো আমার জন্য। ছবি আঁকা তো আর শিখিনি। কথার ফুলঝুরি ঝরিয়ে কি আর তার আলোয় সে-সব অন্যকে দেখানো যায়? জানি, সে সম্ভব নয়। তবু চেষ্টা করলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। দেখা যাক-না চেষ্টা করে। সে-চেষ্টাই করি।একতলা একটা আধপাকা ঘর। আধপাকা অর্থ পুরোটা পাকা নয়: মেঝে শানবাঁধানো অর্থাৎ সিমেন্টের তৈরি; দেয়াল মাটির হলে হবে কী—ভীষণ চওড়া; আর, ছাদ হলো ঢেউটিনের। এই ছিল আমাদের বার-বাড়ির চেহারা। এই বহির্বাটিকে আমরা বলতাম দলিজ, কথাটা যদিও দহিলজ, বলার বেলায় এক ফুঁয়ে হ্-কে উড়িয়ে দিতাম। এ-যুগে দলিজ বলার চল কি কোথাও রয়ে গেছে এখনো? কী জানি! সবাইকে তো হয় ড্রইংরুম, নয়তো বসার ঘর বলতে শুনি। সে যাক্ গে। ওই দলিজের সামনে একটুকরো জমি। তাতে ঘাসের আস্তরণ আর কিছু আগাছা বুনো ঝোপঝাড় এদিকে-সেদিকে। তার বাঁ পাশে একটা বেশ বড় মাপের পুকুর আর সামনেও একটি, সেটিও তত ছোট নয়। বাঁ-হাতির নাম মিস্তিরিপুকুর আর সমুখেরটা মোল্লাপুকুর। কেই বা ছিল মিস্ত্রি, কে জানে? কিসের মিস্ত্রি, তা-ই বা কে বলবে? আর মোল্লা কারও পদবি, নাকি পেশার কারণে পরিচিতি—সেটাও কেউ জানে না। মিস্তিরিপুকুর পড়ে আছে কানের পাশে, মুখ না ঘুরিয়ে তাকে দেখা সম্ভব নয়। আর মোল্লাপুকুর তো নাক বরাবর—চোখ এড়ানোর সাধ্য কী, দৃষ্টিতে ঢুঁ মারছে সারাক্ষণ। ধরা যাক, এই মোল্লাপুকুর হলো হাঁ-করে-থাকা একটা মুখ। তাহলে দরকার, তার ঠিক ওপরেই একটা নাক আর নাকের দুপাশে একটি করে দুটি চোখ। সে রকমই তো ছিল। মোল্লাপুকুরের ওপরে, ঠোঁটের ওপরে গোঁফ যেমন হয় তেমনই, একচিলতে সরু পথ একবুক আগাছা নিয়ে। তার ঠিক ওপরেই শ্রীমান্ নাসিকা এবং তার দুপাশে দুটি চক্ষুরত্ন। নাকটি প্রকৃতপক্ষে এক দিঘির মধ্যিখান ফুঁড়ে চুলের সিঁথির ন্যায় সোজা চলে যাওয়া এক স্থলবিভাজিকা, ফুট ছয়েকের মতো চওড়া; এর ফলে দিঘি ভোল পাল্টে হয়েছে দুটি পুকুর—পুকুরই, ডোবা নয় কিন্তু। পুকুর দুটো হলেও নাম একটাই—খাঁপুকুর। কোন জন্মে এখানে খান বা খাঁ পদবিধারী কেউ ছিল কি না, কে জানে! দুই পুকুরের সীমানা শেষ হলো তো অমনি বাউরিপাড়া, ‘বাউরি’ নামের অন্ত্যজ হিন্দু সম্প্রদায়ের বসতি, সম্পন্ন গৃহস্থবাড়িতে বংশানুক্রমে স্থায়ী কিষান হিসেবে জীবিকার্জন। দুগেগা পুজো হতো ওই কৃষাণপল্লিতে। সবাই গরিবগুর্বো বটে, কিন্তু কীভাবে তা জানা নেই—ওদের ভেতর থেকে একটি পরিবার কিছুটা বিত্ত সঞ্চয় করে তুলনামূলকভাবে ধনাঢ্য হয়ে উঠেছিল। দুর্গতিনাশিনী মা দুর্গার পূজা তারা খুব নিষ্ঠাভরে সম্পন্ন করত। আমাদের ছোটবেলায় পুজোর মরশুমে একমাত্র ও তুমুল বিনোদন ছিল ওই পূজামণ্ডপ।সবটাই ঘটত আমাদের চোখের সামনে। প্রতিমা নির্মাণের অন্ধিসন্ধি, কৃৎকৌশল। মূর্তির অভ্যন্তরীণ অস্থিবিন্যাসের উপকরণ ছিল বাঁশ। অস্থিপঞ্জরের ওপরে মেদের আচ্ছাদন রচনা করত মাটি, আর তার ওপরে লাবণ্য ছড়াত বাহারি পোশাক ও অলংকারের সুষমা—সবই মাটিতেই তৈরি। রংচঙের বর্ণাঢ্যতার জন্য যে-সব রং ব্যবহার করত তা অবশ্য ঘরে-তৈরি নয়, সবই বাজার থেকে কিনে আনা রং। দুর্গাপ্রতিমার পায়ের তলায় মহিষের মূর্তিতে অসুর বা দৈত্য আর একপাশে দেবীর বাহন সিংহ—এ-দুটির নির্মিতি চোখ ধাঁধিয়ে দিত। এবং সিংহটি যে পোষ্য, পোষ-মানা, নির্জীব নয় তা বোঝানোর জন্যই কিনা কে জানে, তার উচ্ছ্রিত রক্তবর্ণ প্রজননযন্ত্রের কিয়দংশ দৃশ্যমান থাকত, এখনো থাকে। প্রতিমা তৈরি তো শিল্পনির্মাণ, তা শিল্পীকে দিয়েই সম্পন্ন করাতে হয়। ফলে দক্ষ কারিগর, যাঁদের বৃত্তিই প্রতিমা তৈরি করা, তাঁদের ফরমাশ দিয়ে ডেকে আনা হতো দক্ষিণার বিনিময়ে। এখনো সে রকমই চলে আসছে। কারণ যারা পুজো করে, পুজো করায়, তারা তো আর মূর্তি গড়তে পারে না। কিন্তু বলিহারি যা-ই, ওই মূর্তিশিল্প যাঁদের জীবনযাপনের অবলম্বন, তাঁদের নিষ্ঠা ও মুন্সিয়ানাতে।দুর্গাপূজা নিয়ে আনন্দ-উৎসবে মাতবার কোনো সুযোগ ভিন্নধর্মী বলে আমার তো ছিল না; তবু অত আনন্দ কেন মনে উপচে পড়ত? একটা কারণ, হিন্দু বন্ধু ও সহপাঠীর দল। উৎসবের আনন্দযজ্ঞে ধর্মের বাধানিষেধ হিন্দু পরিবার কখনো মনে করিয়ে দেয়নি; অবাধে উনুনশালে, ভাঁড়ার ঘরে আর হেঁসেলে বন্ধুর সঙ্গে হুটোপুটি করেছি। এখনো তেমন অবস্থা সামাজিকভাবে কতখানি বহাল আছে, জ্ঞাত নই। বয়স তো সত্তর ছাড়িয়েছি, শৈশব-বাল্যে প্রত্যাবর্তন এ জন্মে আর সম্ভব নয়। সুখস্মৃতিই যেহেতু আনন্দের উৎস, তা নিয়ে বেঁচে থাকাই সর্বোত্তম। আছিও সে-ভাবেই। সকলের কল্যাণেচ্ছায় তেমনিই যেন বাকি জীবনের কটা দিন কাটাতে পারি। হায়াৎ মামুদ: শিক্ষাবিদ ও সাহিত্যিক।