দুর্গাপূজার কথা শুনলেই আমার মনে ভাসে কৈশোরক উন্মাতাল দিনের কথা, স্বপ্ন-রঙিন শারদপ্রভাতের কথা। কবেকার সেই দিনের ছবি এখনো জ্বলজ্বল করে চোখের সামনে! গ্রামীণ জীবনে দুর্গাপূজাই ছিল সবচেয়ে উচ্ছল আনন্দময় উৎসব। এই উৎসবের জন্যই আমরা যেন সারাটা বছর অপেক্ষায় থাকতাম। কবে আসবে শরৎকাল, কবে আসবেন প্রতিমা-বানানো শিল্পী, কবে হবে দুর্গাপূজা—এ-ই ছিল আমাদের সাংবাৎসরিক ভাবনা। সেই উন্মাতাল দিনের কথা মনে হলে এখনো মনের কোণে কোথায় যেন বেজে ওঠে খচখচ শব্দ।আমাদের বাড়িতেই হতো দুর্গাপূজা। সারা গ্রামের একটাই পূজা। ফলে গোটা গ্রামই যেন চলে আসত আমাদের বাড়ির আঙিনায়। তবে আমাদের পূজার আনন্দটা আরম্ভ হতো উৎসবের দেড়-দুই মাস আগে থেকেই। একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি, পালরা এসে গেছেন প্রতিমা নির্মাণের জন্য। আমাদের সেকি উত্তেজনা! কখন স্কুল থেকে এসে পালদের সামনে বসে থাকব, চোখ চেয়ে দেখব কীভাবে খড়ের সাহায্যে গড়ে উঠছে প্রতিমার প্রাথমিক অবয়ব। সারা দিন কাজ করতেন পালরা, কাজ করতেন মধ্যরাত অবধি। ওই সময় আমাদের ঘুমও কোথায় যেন পালিয়ে যেত, ভুলে যেতাম খেলার কথা। রাত জেগে তুমুল আগ্রহে আমরা দেখতাম, পালরা কী নিপুণ হাতে প্রতিমার অবয়ব নির্মাণ করছেন! কত যে মায়ের বকুনি খেয়েছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য! কিন্তু ওই সময় কে শোনে মায়ের কথা? আমরা ভাইবোনেরা, পাড়া-প্রতিবেশীরা সব বকুনি অগ্রাহ্য করে ঠায় বসে থাকতাম পালদের সামনে। পালরা থাকতেন-খেতেন আমাদের বাড়িতে। ওই সময় তাঁরা হয়ে উঠতেন আমাদের পরম আত্মীয়। কাজের ফাঁকে আমাদের সঙ্গে পালরা একটু কথা বললে আমরা যে কী খুশি হতাম!৮ থেকে ১০ দিনের মধ্যে সব প্রতিমার খড়ের অবয়ব তৈরি হয়ে যেত। তারপর মন্দিরের মধ্যে নির্দিষ্ট কাঠামোতে প্রতিমাগুলো স্থাপন করা হতো। একসময় পালরা চলে যেতেন। সপ্তাহ খানেক পর তাঁরা আবার আসতেন আমাদের বাড়িতে। এবার মাটির কাজ। আমাদের আগ্রহ-কৌতূহল-উৎসাহ দ্বিগুণ হতো। খালের কিনারা থেকে মাটি এনে কী নিপুণ হাতে খড়ের প্রতিমার শরীরে তা লেপ্টে দেওয়া হতো! মাটি তৈরি বেশ পরিশ্রমের কাজ ছিল। ৮-১০ দিনের মধ্যে সব প্রতিমা স্পষ্ট অবয়ব পেয়ে যেত। এরপর পালরা আবার চলে যেতেন। শুরু হতো আমাদের দুঃসহ অপেক্ষার পালা। কখন তাঁরা আসবেন প্রতিমার গায়ে রং দিতে? একসময় শেষ হতো অপেক্ষার পালা। পিতা-পুত্র দুজন পাল এসে হাজির আমাদের বাড়িতে। শুরু হলো প্রতিমার গায়ে রঙের আল্পনা। তখন আমাদের সেকি উত্তেজনা! পালবাবু প্রতিমার চোখ আঁকছেন, ঠোঁটে রং দিচ্ছেন গোলাপি-লাল, কপালে টিপ, কানে দুলল কুণ্ডল, মাথায় উঠল ঘন কৃষ্ণ কেশরাশি, ১০ হাতে কত কী অস্ত্র—আরও কত কী! এভাবে একসময় পূর্ণরূপে উদ্ভাসিত হলেন দুর্গা-লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশ, সঙ্গে মহিষাসুরও। অপরূপ লাবণ্যে হেসে উঠত প্রতিমারা। রঙের কারসাজিতে শিল্পীর নিপুণ হাতের পরশে প্রতিমার গায়ে উঠত বাহারি পোশাক। পালদের তুলির শেষ টান যখন পড়ত প্রতিমার গায়ে, তখন এসে গেছে পূজা। চলে এসেছে বাদকদল, পুরোহিত ঠাকুর। এবার বন্ধুদের নিয়ে উৎসবে মেতে ওঠার পালা।শরতের কোনো এক অপরাহ্নে কলাবউয়ের পূজার মধ্য দিয়ে বোধন হতো, এরই আরেক নাম ষষ্ঠী-পূজা। ইতিমধ্যে আমাদের দোতলা বিরাট বাড়িটা আত্মীয়স্বজনে গম-গম করছে। সারা বছর যাদের দেখি না, তারা এসে আমাদের স্ফুর্তিটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বোধনের দিন কিংবা তার আগের দিন আমার চাকরিজীবী জনক বরিশাল শহর থেকে বাড়ি এসে পৌঁছাতেন। আসার সময় ঝালকাঠী বন্দর থেকে বিশাল এক নৌকায় করে পূজার সব সামগ্রী নিয়ে আসতেন বাবা। ওই সব সামগ্রী ঘরে তোলা, ঠিকঠাক সাজিয়ে-গুছিয়ে রাখা—সবটা মিলে শুরু হয়ে গেল পূজা। টুকটাক কাজের ভার আমাদের ছোটদের ওপর বর্তাত। নিজেকে তখন মনে হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি। একটা ব্যাপার লক্ষ করতাম, রাতে মা কাঁদছেন, বাবা কাঁদছেন, কাঁদছেন কাকা, পিসি, দাদা—সবাই। প্রথম দিকে কিছুই বুঝতাম না—সবার দেখাদেখি আমিও কাঁদতাম। পরে জেনেছি তাঁদের দুঃসহ কষ্টের কথা, আমারও। আমার জন্মের তিন বছর আগে এমনি এক শারদসন্ধ্যায় বাবা এসে পৌঁছেছেন বাড়ির ঘাটে। সবাই ব্যস্ত পূজার উপকরণ ঘরে তোলার কাজে। কখন যে আমার না-দেখা অগ্রজ, নাম ছিল যার বুলু, জলে ডুবে হারিয়ে গেল চিরতরে, কেউই তা টের পেল না। গভীর রাতে পাওয়া গেল তার নিথর দেহ। ওই কথা মনে পড়ত আমার মায়ের, যখনই পূজার নৌকা আসত বাড়ির ঘাটে। আনন্দের মধ্যে সবাই ভেসে যেত দুঃখের সাগরে, আমার অগ্রজ বুলুর কাছে। এই দুর্ঘটনার মাস ছয়েক পরে আমি এসেছি পৃথিবীর আলোতে, মায়ের কাছে আমি কি বুলু হয়ে দেখা দিয়েছিলাম? উত্তরকালে আমার ওই না-দেখা অগ্রজকেই আমি উৎসর্গ করেছি আমার বাংলা কথাসাহিত্য পাঠ (২০০২) নামের একটা বই।স্বাভাবিক নিয়মেই একসময় সবাই ব্যস্ত হয়ে পড়ত সপ্তমী পূজায়। ভোরে স্নান সেরে নতুন জামাকাপড় পরে আমরা প্রথমেই যেতাম মন্দিরে। পূজা হতো, প্রসাদ খেতাম। দুপুরে গ্রামের সবাই খেত উঠোনে বসে। শৈশবেই লক্ষ করেছি, পূজার সময় আমাদের বাড়িতে হিন্দু-মুসলিম কোনো ভেদ ছিল না। গ্রামের মুসলিম যুবকেরাও পূজায় আনন্দ করত, কখনো বা অংশ নিত নৈশ-আরতিতে। মধ্যাহ্নভোজেও তারা অংশ নিত। কলাপাতায় খাবার দেওয়া হতো। আমাদের কোনো কাজ ছিল না। একটু বড় হলে সবার খাবার পাতায়। লবণ বা জল দেওয়ার দায়িত্ব পেতাম। তখন মনে হতো, আমি মহা কাজের মানুষ।বাড়ির ছেলে বলে যত খিদেই লাগুক না কেন, প্রথমে খেতে পারতাম না। অতিথিদের খাওয়া শেষ হলে আমরা খেতে পারতাম। সন্ধ্যায় জ্বালা হতো হ্যাজাক লাইট। সে-ও ছিল এক উত্তেজনাকর দৃশ্য। পাঁচ-সাতজন দক্ষ যুবক একে একে পাঁচ-সাতটা হ্যাজাক লাইট জালাল—সবকিছু দিনের মতো উদ্ভাসিত হয়ে উঠল। রাতে আরম্ভ হতো আরতি। প্রথমে ছোটদের পালা। আমাদের সেকি উচ্ছল নৃত্য! একসময় উঠিয়ে দেওয়া হতো ছোটদের। মন্দিরের সামনে তখন বড়দের আরতি। বড় বড় মাটির পাত্রে নারকেলের ছোবড়া আর ধূপসহযোগে জ্বলে উঠত আগুন। চারদিকে ধোঁয়া; জ্বলত চোখ, চোখ দিয়ে পড়ত অশ্রু, ঢাক আর কাঁসরের বিরতিহীন শব্দ, কানে আসত পুরোহিতদের চণ্ডীপাঠ, মা-মাসি-পিসিদের মুুহুর্মুহু উলুধ্বনি—সবটা মিলে এক মহা আনন্দ। কত সময় চলত সেই আরতি? বলতে পারব না। কেননা, ছোটবেলায় প্রতি রাতেই আরতি দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম।সপ্তমীর পরে প্রায় একইভাবে অনুষ্ঠিত হতো অষ্টমী ও নবমীর পূজা। অবশেষে আসত বিজয়া দশমী। মন খারাপ সবার। আজ বিসর্জনের দিন। বাড়ির পাশেই বড় খালে দেবীর বিসর্জন হবে। তবে আমাদের মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হতো না। প্রতীক হিসেবে বিসর্জন দেওয়া হতো পূজার ঘট। সারা বছর ধরেই প্রতিমা শোভা পেত মন্দিরে। বিজয়া দশমীর দিন গুরুজনদের প্রণাম করতাম। আমরা পয়সা পেতাম। টাকার তো তখন অনেক দাম। তাই কখনো আস্ত একটা টাকা পাওয়া যেত না। সন্ধ্যায় যেতাম এ-বাড়ি সে-বাড়ি। বাতাসা-নকুল-নাড়ু খেতে দিত সবাই। আহ্! সেসব খাবারের স্বাদ এখনো লেগে আছে মুখে!একসময় শেষ হতো পূজা। অতিথিরা একে একে চলে যেতেন আমাদের বাড়ি ছেড়ে, চলে যেতেন আত্মীয়স্বজন এবং আমার চাকরিজীবী বাবাও। মন খারাপ, সবাই চলে যাবে। মন খারাপ, আবার বইখাতা নিয়ে যেতে হবে স্কুলে। এমনি করে কাটত প্রতিটি বছর। এবং এভাবেই একদিন এল ১৯৭১ সাল। পাকিস্তানি বাহিনী পুড়িয়ে দিল আমাদের বসতঘর, ভস্মীভূত করল বাড়ির মন্দির। তারপর? না, আর কখনোই আগের সেই উৎসাহ নিয়ে অনুষ্ঠিত হতো না বংশানুক্রমিক দুর্গাপূজা। কয়েক বছর কোনোরকমে চলতে চলতে এখন তা একেবারে বন্ধ হয়ে গেছে। তবু শরৎ এলেই আমি মনোলোকে চলে যাই বাড়ির আঙিনায়, দুর্গামন্দিরের সামনে; কানে বাজে ঢোল আর কাঁসরের ধ্বনি, শুনি পুরোহিতদের মন্ত্রপাঠ; ভোরবেলায় ভাইবোন মিলে ফুল কুড়াই, সারা গায়ে মাখি দূর্বায় জমে থাকা শিশির; শিবু-অশোক-স্বপন-শ্যামল-শামসুল—এই সব বন্ধুকে নিয়ে মেতে উঠি ফানুস-উৎসবে; দূর্বার ডগায় জমে থাকা শিশিরে দেখি জনকের মুখ, পদ্মপাপড়ির শিশিরবিন্দুতে হেসে ওঠেন মা আমার; আর কানে বাজে আমার না-দেখা অগ্রজের ফিসফিস কথা, ‘কেমন আছো, ভাই আমার?’বিশ্বজিৎ ঘোষ: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।