পূজায় নিরাপত্তা স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রস্তুতি
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। আজ বেলা একটায় ঢাকা মহানগর পুলিশের দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করেন তিনি।সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ বলেছেন, ‘আসন্ন পূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন করতে পারে, সে কারণে পূজা মণ্ডপসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ ছাড়া র্যাব ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একযোগে কাজ করবে। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে থাকবে। সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।’ সংবাদ সম্মেলনে পুলিশ, র্যাব, আনসার কর্মকর্তা ছাড়াও সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।