পূজায় সতর্ক থাকতে বললেন হানিফ
আসন্ন দুর্গাপূজায় বিএনপি-জামায়াত জোট যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এ জন্য দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। খবর বাসসের। আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজায় যাতে কোনো মন্দিরে কেউ কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দলের নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক করতে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে ভালোভাবে তাদের ধর্মীয় উত্সব পালন করতে পারে, সেদিকে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা রামুর ধারাবাহিকতায় আরও ঘটনা ঘটাতে পারে।’ ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, কাজী লুত্ফর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সাংসদ সানজিদা খানম প্রমুখ বক্তব্য দেন।