পূর্ণ বাস্তবায়নের অপেক্ষা শিগগির শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের অপেক্ষা শিগগির শেষ হচ্ছে না। চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নেওয়া কয়েকটি পদক্ষেপেরও বিশেষ অগ্রগতি নেই। এগুলোর বাস্তবায়নও যথেষ্ট সময়সাপেক্ষ। এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে হতাশা ও ক্ষোভ বাড়ছে।১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সই হওয়া চুক্তিটি আজ পা রাখছে ১৪ বছরে। এই চুক্তি স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে সত্তরের দশকের মাঝামাঝি থেকে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছিল।বিভিন্ন সূত্র জানায়, পার্বত্য চুক্তি অনুযায়ী সরকারের প্রধান করণীয় ছিল বিশেষ অঞ্চলের স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামে বিশেষ শাসনব্যবস্থা কায়েম করা, ভূমিসমস্যার নিষ্পত্তি, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ পাহাড়ি বা জুম্ম উদ্বাস্তুদের পুনর্বাসন এবং জুম্মদের সংস্কৃতি ও জীবনাচরণ সংরক্ষণ।চুক্তির পর থেকে ক্ষমতায় আসা সব সরকারই চুক্তি বাস্তবায়নের কাজ এগোনোর দাবি করলেও আদিবাসী নেতারাসহ প্রশাসনের অনেকে বলেছেন, চুক্তির মৌলিক বিষয়গুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রামে চলছে একাধিক সমান্তরাল শাসন। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে আছে স্থানীয় সরকারের আঞ্চলিক পরিষদ। অথচ চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল পার্বত্য তিন জেলার শীর্ষ শাসনকাঠামো হিসেবে।আদিবাসীদের অভিযোগ, পার্বত্য চুক্তির পরও অনেক আদিবাসী পরিবারকে তাদের বংশপরম্পরায় ভোগদখল করা জমি ও বাগান থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ, দখল ও খুনের ঘটনা ঘটেছে।বর্তমান সরকারের উদ্যোগ: বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। মহাজোট ক্ষমতা গ্রহণের পরও সরকারের পক্ষ থেকে একাধিকবার এ কথা বলা হয়েছে। এ লক্ষ্যে সরকার সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করেছে। প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনের লক্ষ্যে খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার সবচেয়ে জটিল বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন পুনর্গঠন করা হয়েছে।তবে পুনর্গঠিত চুক্তি বাস্তবায়ন কমিটি এ পর্যন্ত মাত্র দুটি সভা করেছে। এই কমিটির কার্যালয়, জনবল, পরিসম্পদ কিছু নেই। চুক্তি বাস্তবায়নে কমিটি কী কী কার্যক্রম নেবে, তাও নির্ধারিত হয়নি। প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সও দুটি সভা করেছে, কোনো কার্যক্রম নেয়নি। এই টাস্কফোর্সেরও কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল, পরিসম্পদ নেই। আরেকটি সমস্যা হলো, ১৯৯৮ সালের ১৯ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ কার্যাদি বিভাগ থেকে টাস্কফোর্সকে লেখা চিঠিতে সেটেলার বাঙালিদেরও অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে গণ্য করে পুনর্বাসন করতে বলা হয়, যা বহাল রয়েছে। ফলে উদ্বাস্তু পুনর্বাসনে জটিলতা দেখা দেয় এবং বর্তমানে তা অচলাবস্থায় আছে।ভূমি কমিশন প্রক্রিয়াগত অনেক কাজ সম্পন্ন করলেও একটি বিরোধ নিষ্পত্তির কাজও সম্পন্ন হয়নি। ভূমি জরিপ বিরোধ নিষ্পত্তির আগে না পরে, তা নিয়েও ছিল বিতর্ক। গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আগে বিরোধ নিষ্পত্তি, পরে জরিপ’ বলে মতামত দিলে সে সমস্যার নিরসন হয়।আরেকটি বড় বাধা হলো ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন। ২০০১ সালে প্রণীত এ আইনের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২২টি ক্ষেত্রে বিরোধাত্মক। এ বিষয়ে সরকার একমত হলেও আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি।সময়সূচিভিত্তিক পরিকল্পনা: জনসংহতি সমিতির দাবি, চুক্তির মৌলিক বিষয়গুলো সফলভাবে বাস্তবায়ন করতে চাইলে সরকারকে একটি সময়সূচিভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। তবে সরকার এ রকম কোনো উদ্যোগ নেয়নি।চুক্তির ত্রয়োদশ বার্ষিকীর প্রাক্কালে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের জন্য অবিলম্বে নয়টি করণীয় সম্পাদন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য অচিরেই সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা; পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকর করা; পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও আঞ্চলিক পরিষদের সুপারিশ অনুসারে ভূমি কমিশন আইন, ২০০১ সংশোধন এবং অচিরেই ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু করা; অপারেশন উত্তরণসহ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা, এপিবিএন, আনসার ও ভিডিপির সব অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার; প্রত্যাগত জুম্ম শরণার্থী, অভ্যন্তরীণ উদ্বাস্তু ও জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন অন্যতম।জেএসএসের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা প্রথম আলোকে বলেন, সরকার মুখে যতই বলুক চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা, এই করণীয়গুলো সম্পন্ন না করে তা সম্ভব হবে না।চুক্তি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। কিন্তু জেএসএসের ভূমিকা সহযোগিতামূলক নয়। জেএসএসের উচিত সরকারকে আস্থায় নিয়ে চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করা। তা না হলে চুক্তির বাস্তবায়ন আরও বিলম্বিত হতে পারে।যা বাস্তবায়িত হয়েছে: ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর পার্বত্য চুক্তি মন্ত্রিপরিষদে পাস হলে প্রজ্ঞাপন জারি হয়। পরের বছর চার দফায় জেএসএসের সদস্যরা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের ১০০ দিনের মধ্যে গঠিত হয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।১৯৯৮ সালের ৩, ৪ ও ৫ মে যথাক্রমে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা পরিষদ (সংশোধন) আইন এবং ৬ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস হয়। ১৯৯৯ সালের ৯ মে অন্তর্বর্তীকালীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়।সরকার বলেছে, ভারত থেকে আদিবাসী শরণার্থীদের ফিরিয়ে আনার পর তাদের বেশির ভাগ পরিবারকে অর্থনৈতিক সুবিধাদি দেওয়া হয়। ১৯৯৮ সালের ২০ জানুয়ারি প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্স গঠিত হয়। সে বছরই চুক্তি বাস্তবায়ন কমিটি গঠিত হয়। তবে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।জেএসএসের ৬৪ জন ও প্রত্যাগত শরণার্থীদের ১৮৪ জনকে সরকারি চাকরিতে পুনর্বহাল করা হয়। জেএসএসের ৬৭৫ জনকে পুলিশ কনস্টেবল ও ১১ জনকে ট্রাফিক সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চুক্তি নিয়ে ১১টি বৈঠক হয় এবং স্থানীয় পর্যায়ের কয়েকটি বিভাগের দায়িত্ব জেলা পরিষদগুলোর ওপর ন্যস্ত করা হয়।গুরুত্বপূর্ণ যা ঝুলে আছে: পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চলের স্বীকৃতি দেওয়া এবং এই বৈশিষ্ট্য সংরক্ষণের কোনো পদক্ষেপ সরকার এখনো নেয়নি। আঞ্চলিক পরিষদের দায়িত্ব এবং ক্ষমতা কার্যকর করা হয়নি। তিন পার্বত্য জেলা পরিষদের কাছেও যথাযথ দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়নি।এ ছাড়া আঞ্চলিক পরিষদ বিধিমালাসহ অন্যান্য বিধিমালা প্রণয়ন করা হয়নি। আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন হয়নি। চুক্তি অনুযায়ী তিন জেলার অস্থায়ী সেনা ক্যাম্পও সরানো হয়নি। বিভিন্ন সূত্র জানায়, এ ধরনের প্রায় ৫০০ ক্যাম্পের মধ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩৫টি এবং এর আগে ৩১টি ক্যাম্প সরিয়ে নেওয়া হয়। তবে সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তিতে কিছু নেই। কিন্তু জেএসএসের দাবি, এ বিষয়ে অলিখিত চুক্তি ছিল।