পূর্ণ রায় প্রকাশের পর রায়ের গঠনমূলক সমালোচনা করা যাবে। রায় প্রকাশের আগে সমালোচনা করা সমীচীন নয়। গতকাল রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মন্তব্য করেছেন।আওয়ামী লীগের নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের মামলা নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খানের লেখা নিবন্ধ আদালতের দৃষ্টিতে এলে আদালত এ মন্তব্য করেন। ওই মামলার রায় ঘোষণার পর, কিন্তু রায়ে সই হওয়ার আগে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোতে ১২ জুলাই রায়ের সমালোচনা করে নিবন্ধটি লিখেছিলেন।বিএনপির নেতা মওদুদ আহমদের মামলার শুনানির শুরুতে আপিল বিভাগ দুদকের এ কৌঁসুলির উদ্দেশে বলেন, রায়ের গঠনমূলক সমালোচনা করা যাবে। সভ্য দেশেও এই রেওয়াজ রয়েছে। সমালোচনা না হলে প্রজ্ঞার চর্চা হবে কীভাবে? তবে পূর্ণ রায় প্রকাশের আগে সমালোচনা করা বাঞ্ছনীয় নয়। রায় প্রকাশের আগে সমালোচনা করা হলে তা বিচারের (প্রি-জুডিশ) ফলে ক্ষতি ঘটাতে পারে।দুদকের এ কৌঁসুলির উদ্দেশে আদালত বলেন, আপনি জ্যেষ্ঠ আইনজীবী। আইন-কানুন ও আদালতের প্রথা ও রীতি আপনি জানেন। সাধারণ ব্যক্তিরা এটি করতে পারেন। আপনি এটি পারেন না। এ সময় দুঃখ প্রকাশ করেন দুদকের আইনজীবী। এ পর্যায়ে আদালত ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সতর্ক করে দেন।