পূর্ণতা অপূর্ণতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরা যাক, একদিন সমুদ্রতটে অনাদরে পড়ে থাকতে দেখলেন একটা আলাদিনের চেরাগ। হাতে প্রথম তুলে নিয়ে জ্যাক ক্যালিস তাতে ঘষা দিলেন। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে, ‘হু হু হা হা’ করে হাজির হলো এক দৈত্য। ক্যালিস কী চাইবেন তাঁর কাছ থেকে?কিংবা ধরুন, বহু যুগের আরাধনায় একদিন হঠাৎ ক্যালিসের সঙ্গে দেখা হয়ে গেল ইচ্ছাপূরণ দেবীর। তিনি তখন হাঁটু গেড়ে প্রার্থনায় নত। দেবীর কাছে কী বর চাইবেন ক্যালিস?একটাই—বিশ্বকাপ!১৯৭৫ সালে ব্রায়ান লারা ছিলেন ছয় বছরের বালক। ১৯৭৯-এর স্মৃতিটাই বেশি মনে থাকার কথা তাঁর। লারা নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে। শচীন টেন্ডুলকার তো কদিন আগেই বলেছেন, ১৯৮৩ সালে, তাঁর বয়স যখন দশ, ‘কপিলস ডেভিলে’র রূপকথা কতটা অনুপ্রাণিত করেছিল তাঁকে। রিকি পন্টিং তো ১৯৮৭ বিশ্বকাপ জয়ের কথা ভালোভাবে মনে করতে পারেন। নিজে খেলোয়াড় হিসেবেও জিতেছেন তিনটি বিশ্বকাপ।আধুনিক ক্রিকেটের আরেক গ্রেট ক্যালিসেরই শুধু এই গর্বটা নেই। তিনি নিজে জেতেননি। জেতেনি তাঁর দেশও। দক্ষিণ আফ্রিকা তো বিশ্বকাপে খেলতে এলই ১৯৯২ সালে। নির্বাসন থেকে ফিরে।ওই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেই গিয়েছিল প্রায়। কিন্তু অদ্ভুতুড়ে বৃষ্টি আইন চোখের জল হয়ে গেছে তাদের জন্য। ১৭ বছর বয়সী ক্যালিস তখন ঘুরঘুর করছেন জাতীয় দলের আশপাশে।কদিন আগে নিজের লেখা কলামে ক্যালিস বলেছেন, ওই ১৯৯২ বিশ্বকাপ, হয়তো হতাশার, কিন্তু তার পরও ভীষণভাবে আলোড়িত করেছিল তাঁকে। একটা উপলব্ধিও হয়েছিল, ব্যক্তিগত অর্জন যত ঝলমলেই হোক, বিশ্বকাপের সোনালি ট্রফিটার কাছে বাকি সবকিছুই ম্লান।কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হলো। ৩০৭টি ওয়ানডে খেলে ফেলেছেন। ওয়ানডেতে ১১ হাজার রান পূর্ণ করা ষষ্ঠ ব্যাটসম্যান। পাশাপাশি ২৫৯টি উইকেট। সর্বকালের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিতও করেছেন নিজেকে। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে এসেছেন। কিন্তু সেই হতাশার ছবিটা তো পাল্টায়নি। বিশ্বকাপ মানেই যেন দক্ষিণ আফ্রিকার হূদয়ে আরেকবার রক্তক্ষরণ। না, শুধু ফাইনালে একবারও উঠতে পারেনি বলে নয়। দক্ষিণ আফ্রিকার হতাশা বেড়ে যায় আসলে তাদের বিদায়ের ধরনের কারণে। ১৯৯২-এ সেই বৃষ্টি আইন। ১৯৯৬ বিশ্বকাপে সবচেয়ে দাপট দেখিয়ে উঠে এসেছিল কোয়ার্টার ফাইনালে। সবগুলো ম্যাচ জিতে শেষ আটে ওঠা একমাত্র দল ছিল তারাই। সেই দক্ষিণ আফ্রিকা সেমিতে উঠতে পারল না ক্ষয়িষ্ণু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। ১৯৯৯ বিশ্বকাপে সেই বিখ্যাত রান আউট। ২০০৩-এ আবারও সেই বৃষ্টি আইনের গড়বড়। ২০০৭-এ বাংলাদেশের কাছে হার, সেই ধাক্কা সামলে সেমিতে। কিন্তু এবারও ব্যর্থ অস্ট্রেলিয়া-বাধা পেরোতে।চৈত্রের ভবঘুরে বাতাসের মতো ঘুরপাক খেয়েছে দক্ষিণ আফ্রিকার আশা। ভোকাট্টা ঘুড়ির মতো গোত্তা খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়েছে ক্যালিসের স্বপ্নও।কিন্তু ক্যালিস ভীষণ জেদি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। সেই জেদ পুষে রেখে ফুঁসে ওঠা ক্যালিস পাল্টা জবাব দিয়েছিলেন টানা চার টেস্টে পাঁচ সেঞ্চুরি করে।৩৫ বছরে, খুব সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলতে আসা ক্যালিসের তাই আলাদিনের চেরাগের দরকার নেই। দরকার নেই ইচ্ছাপূরণ দেবীর সাক্ষাৎ । ক্যালিস তো নিজেই পারেন!