পূর্ণাঙ্গ অর্পিত সম্পত্তি আইন পাস না হলে প্রতিবাদ: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি অনুযায়ী অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইন পাস না হলে আমিও মাঠে নেমে প্রতিবাদ জানাব। সংশোধন নয় আমরা চাই অর্পিত সম্পত্তির পূর্ণাঙ্গ আইন পাস হোক।’সুরঞ্জিত হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে সিপিএম সরকারের পতন হয়েছে। এখানেও সংখ্যালঘু সম্প্রদায় আজীবন কারও ভোটব্যাংক হয়ে থাকবে তা মনে করা ঠিক হবে না। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের জে এম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী জন্মাষ্টমী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত বলেন, কেউ এ দেশ ছেড়ে চলে গেলে তাদের সম্পত্তি সরকার পাবে। আর যারা এ দেশে আছেন তাদের সম্পত্তি যেন তারা পায় তার ব্যবস্থা থাকা উচিত। সরকারের ৩৩ মাস চলে গেছে। কিন্তু হিন্দুদের দাবি অনুযায়ী আগের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটি বাতিল করা হয়নি।আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত বলেন, কিছু দুর্নীতিবাজ ও আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বোঝায়। তাঁদের লক্ষ্যই হলো সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি দখল করা। সুরঞ্জিত জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন। এতে নগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বাঁশখালী ঋষিধামের মহান্ত সুদর্শনা নন্দপুরী মহারাজ, নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।