পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ হলো না
নির্বাচনের পর প্রায় তিন বছর পার হতে চললেও উপজেলা পরিষদের গঠন এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আইন অনুযায়ী, সংরক্ষিত আসনের নারীদের নিয়ে পরিষদ গঠিত হওয়ার কথা থাকলেও এসব আসনে এখনো নির্বাচন হয়নি। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বলছে, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনের ব্যাপারে সরকার সময়মতো উদ্যোগ না নেওয়ায় নির্বাচন কমিশন নারী সদস্য নির্বাচনের কাজটি করতে পারেনি। গত মাসে আইন পাস করা হলেও এ নির্বাচন কমিশন আর তা করে যেতে পারছে না। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মতে, নারী সদস্য নির্বাচন না হওয়া উপজেলা পরিষদ অকার্যকর হয়ে থাকার অন্যতম একটি কারণ। উপজেলা পরিষদ আইন অনুযায়ী, উপজেলাধীন বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে সংখ্যক নির্বাচিত নারী সদস্য থাকবেন, তাঁদের এক-তৃতীয়াংশ সদস্যকে নিয়ে উপজেলা পরিষদ গঠিত হবে। তাঁদের অন্য সদস্যদের ভোটে নির্বাচিত হতে হবে। নারী আসনে নির্বাচনের বাধা দূর করে গত ২৯ নভেম্বর সংসদে উপজেলা আইন সংশোধন করে বিল পাস হয়েছে। সংশোধিত আইনে নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিধি প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার প্রথম আলোকে বলেন, বর্তমান কমিশনের মেয়াদে আপাতত আর কোনো নির্বাচন সম্ভব নয়। সরকার যথাসময়ে আইন সংশোধন করে দিলে এ কমিশনের পক্ষেই নির্বাচন করা সম্ভব হতো। এখন পরবর্তী কমিশন দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপজেলা অধ্যাদেশ ২০০৯ জারি করা হয়। তখন নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করলে আওয়ামী লীগ ও বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে। যে কারণে জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন হয়। ২০০৮ সালের উপজেলা অধ্যাদেশের অধীনে নির্বাচন হলেও শেষ পর্যন্ত সরকার অধ্যাদেশটি সংসদে অনুমোদন করেনি। পরিবর্তে তারা ২০০৯ সালের ৬ এপ্রিল সংসদে আইন পাসের মাধ্যমে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন পুনঃপ্রচলন করে। এই আইনে নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়নের ক্ষমতা স্থানীয় সরকার বিভাগকে দেওয়া ছিল। নতুন আইনে এটা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। নারী সদস্য নির্বাচনের কাজটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর অনুষ্ঠানের ব্যাপারে মত দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের মতে, আগের ইউপি ছিল মেয়াদোত্তীর্ণ। সে সময়ে নির্বাচন করলে এবারের নির্বাচনের পর আগের নির্বাচিত সদস্যরা পদে থাকতে পারতেন না। নতুন করে উজেলা পরিষদের সদস্য নির্বাচন করতে হতো। নির্বাচন কমিশনও মন্ত্রণালয়ের সঙ্গে একমত হয়। গত ৫ জুলাই ইউপি নির্বাচন শেষ হওয়ার পর কমিশন আশা করেছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন সংশোধন করে দেবে। কিন্তু তখন আর সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তোফায়েল আহমেদ বলেন, অবহেলার কারণেই উপজেলার আইনটি যথাসময়ে সংশোধন হয়নি। তবে এখন আর বিলম্ব না করে নির্বাচন দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা উচিত। এতে পরিষদের কাজে গতি আসবে।