পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশনের দাবি বিদায়ী চেয়ারম্যানের
অবিলম্বে পূর্ণাঙ্গ জাতীয় মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী। কমিশন আইনের সংশোধন ও সেখানে যথা সম্ভব দ্রুত লোকবল নিয়োগের দাবিও জানিয়েছেন তিনি।কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ সোমবার রাজধানীর লালমাটিয়ায় কমিশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিচারপতি আমিরুল কবীর চৌধুরী এসব কথা বলেন। আগামী বুধবার তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসরে যাচ্ছেন।কমিশনকে শক্তিশালী করতে কী করা প্রয়োজন—এমন এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, তিনটি কাজ করতে হবে। প্রথমত, অবিলম্বে পুরো কমিশন গঠন করা চাই। দ্বিতীয়ত, লোকবল-কাঠামো যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন করতে হবে। তৃতীয়ত, অন্য মানবাধিকার সংগঠনের সঙ্গে সমন্বয় করে মানবাধিকার সংরক্ষণে একসঙ্গে কাজ করতে হবে।কমিশনের চেয়ারম্যান জানান, একজন চেয়ারম্যান ও দুজন সদস্যের সমন্বয়ে ২০০৮ সালের ১ ডিসেম্বর কমিশন গঠন করা হয়। পরে ২০০৯ সালের ১৪ জুলাই কমিশন আইন প্রণয়ন করা হয়। ওই আইনে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সর্বোচ্চ ৭০ বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে একজন সদস্য কমিশন ছেড়ে চলে যান। অন্য এক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় ফিরে যান। এ অবস্থায় ২০০৯ সালের ১৪ জুলাই থেকে তিনি একাই দায়িত্ব পালন করছেন।কমিশনের চেয়ারম্যান জানান, কমিশনের কার্যক্রমে গতিশীলতা ও শক্তিশালী কমিশন গঠনের লক্ষ্যে ২০০৮ সালের ২২ ডিসেম্বর প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ৬২টি পদের একটি জনবল কাঠামো তৈরি করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত এটি অনুমোদিত হয়নি।বিচারপতি আমিরুল কবীর চৌধুরী জানান, কমিশন প্রতিষ্ঠার পর থেকে গত ২০ জুন পর্যন্ত তারা মানবাধিকার লঙ্ঘনের ১৪৭টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ৮২টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।