পঞ্চম সংশোধনী
পূর্ণাঙ্গ রায় পেলেই ’৭২-এর সংবিধানে ফিরতে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭২ সালে রচিত মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক ফরমান দিয়ে পরিবর্তন করা হয়েছিল। পঞ্চম সংশোধনী দ্বারা অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তনকে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু সংবিধানে সামরিক ফরমান দিয়ে সংবিধান পরিবর্তনের বিধান নেই। পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সুপ্রিম কোর্টই সংবিধানের অভিভাবক, তা প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আইন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে ’৭২-এর সংবিধানে ফিরতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার আইনমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের পক্ষে ’৭২-এর সংবিধানের হাতে লেখা প্রতিলিপি আইনমন্ত্রীর হাতে তুলে দিতে এলে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ফাউন্ডেশনের পক্ষে মহাপরিচালক মোনায়েম সরকার এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি এই প্রতিলিপি আইনমন্ত্রীর হাতে তুলে দেন।মূল সংবিধানে সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা উল্লেখ আছে, এখন সেটার কী হবে? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেখানে জনগণের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র পূরণ করবে। দেশের সবাই চায় বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হোক, যেখানে একটি শোষণমুক্ত সমাজ এবং মানুষের মৌলিক চাহিদাগুলোর সংস্থান থাকবে।’আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে এ দেশে যাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের বিচার হলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অন্য দেশ হস্তক্ষেপ করবে বলে মনে হয় না। কোনো দেশ এটা করছে বলে তাঁর কাছে কোনো তথ্যও নেই বলে তিনি জানান।আইনমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মুক্তিযুদ্ধকালে যাঁরা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাঁদের বিচার হবেই। বিচারের আন্তর্জাতিক মান বজায় রাখতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।