পূর্ণাঙ্গ রায় রাজনীতিকীকরণের চরম নিন্দনীয় দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় রাজনীতিকীকরণের এক চরম নিন্দনীয় দৃষ্টান্ত। নৈতিকতাবিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই রায় যৌক্তিক কারণেই অকার্যকর। এই রায়ের কারণে দেশে অনভিপ্রেত অস্থিরতা সৃষ্টি হবে এবং রাজনৈতিক সংকট আরও বাড়বে।বিএনপির গুলশানের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দেওয়া বক্তব্যও নাকচ করে দেন। প্রধানমন্ত্রী গত বুধবার বলেছিলেন, সংসদ ভেঙে দিয় রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। খালেদা জিয়া একে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে দাবি করেন। প্রকৃতপক্ষে সরকার ক্ষমতায় থেকেই একটি সাজানো নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের পাঁয়তারা করছে বলে অভিযোগ তোলেন তিনি।১৬ সেপ্টেম্বর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করাসহ কিছু নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে বিএনপিসহ ১৮ দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।রায়ে কয়েকটি মৌলিক অসংগতি ও গরমিল আছে দাবি করে খালেদা জিয়া বলেন, যৌক্তিক কারণেই এ রায় পক্ষপাতদুষ্ট, অগ্রহণযোগ্য ও বাতিলযোগ্য। তিনি বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন চলছে, তা আরও তীব্র হবে। অবসরপ্রাপ্ত কোনো সাবেক প্রধান বিচারপতির পক্ষপাতদুষ্ট রায় এই আন্দোলনকে দুর্বল কিংবা ব্যাহত করতে পারবে না।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকার না হলে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না। সরকার যদি সংবিধানে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের বিধান সংযোজেনের বিল সংসদে না আনে, তা হলে চলমান আন্দোলন আরও তীব্রতর হবে।সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অবসরে যাওয়ার ১৬ মাস পর রায়ে সই করা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেন, বিচারকেরা পক্ষপাতহীন থেকে সুবিচার করার প্রতিশ্রুতি দিয়ে শপথ নেন। অবসরে যাওয়ার পর তাঁরা সেই শপথের অধীন থাকেন না। সে কারণে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি আদালতে বসতে পারেন না, শুনানি করতে পারেন না এবং একই কারণে কোনো মামলার রায় লিখতে বা তাতে দস্তখতও করতে পারেন না। কিন্তু বিচারপতি খায়রুল হক তাই করেছেন।খালেদা জিয়া বলেন, গত বছরের ১৭ মে অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে সংক্ষিপ্ত ও বিভক্ত রায় দিয়েছিলেন, অবসরে যাওয়ার ১৬ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ রায়ে তার সঙ্গে পার্থক্য আছে। তখন প্রকাশ্য আদালতে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার স্বার্থে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের বিচারপতিদের বাদ দেওয়ার কথা বলেছিলেন। এখন লিখিত রায়ে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছেন।একে ‘নজিরবিহীন’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, এ ঘটনা যে হীন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই ঘটানো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। রায়ে সাবেক প্রধান বিচারপতি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে নির্দেশনা দিয়েছেন, তা প্রধানমন্ত্রীর বক্তব্যের হুবহু প্রতিধ্বনি এবং তাঁদের পূর্ববর্তী রায়ের সঙ্গে স্পষ্টতই অসংগতিপূর্ণ। সাবেক প্রধান বিচারপতির এমন পক্ষপাতদুষ্ট আচরণ একটি মারাত্মক বিচারিক অসদাচরণ। এই মন্দ দৃষ্টান্ত দেশে-বিদেশে কেবল বাংলাদেশের বিচার বিভাগই নয়, দেশ ও দেশের জনগণকেও হেয় করবে।খালেদা জিয়া বলেন, রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। অথচ পূর্ণাঙ্গ রায়ে প্রস্তাব করা হয়েছে, ক্ষমতাসীন সরকারই সংক্ষিপ্ত আকারে নতুন নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। আবার রায়ের অন্য অংশে নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। সংসদ বহাল না থাকলে কেউই নির্বাচিত থাকেন না। তা হলে ওই ৪২ দিন অর্থাৎ, নির্বাচনের প্রস্তুতি চলাকালে, নির্বাচনের সময় এবং নতুন সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন কোন যুক্তিতে?খালেদা জিয়া অভিযোগ করেন, সংক্ষিপ্ত রায়ে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান ছিল। বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীতে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করার বিধান করেছে। পূর্ণাঙ্গ রায়ে নির্বাচনের পূর্ববর্তী ৪২ দিনের উল্লেখ স্পষ্টতই সরকারি ইচ্ছার সঙ্গে সংগতি রেখেই করা হয়েছে। আদালতের রায় রাজনীতিকীকরণের এক চরম নিন্দনীয় দৃষ্টান্ত। বিচারের নামে দলীয়করণের এমন নিকৃষ্ট দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।বিরোধীদলীয় নেতা বলেন, সাবেক প্রধান বিচারপতির দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও পরস্পরবিরোধী রায় জনগণ কখনো গ্রহণ করবে না এবং এর ভিত্তিতে আয়োজিত কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে প্রহসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন যখন তীব্রতর হচ্ছে, তখন সরকারকে অনৈতিক ইচ্ছাপূরণের হাতিয়ার হিসেবে এই রায় উপহার দেওয়া হয়।খালেদা জিয়া তাঁর বক্তব্যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ, পানির অভাব, আইনশৃঙ্খলার অবনতি, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুম এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।১০ বার বিদ্যুৎ বিভ্রাট: প্রায় পৌনে এক ঘণ্টার সংবাদ সম্মেলনে ১০ বারের মতো বিদ্যুতের বিভ্রাট ঘটে। এর মধ্যে সাতবার বিদ্যুৎ যায় খালেদা জিয়ার বক্তব্যের সময়। একপর্যায়ে খালেদা জিয়া বিরক্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দেখেছেন, সরকারের চেহারা?’ বেলা সোয়া তিনটায় তিনি বক্তব্য শুরু করেন। শেষ করেন চারটায়।খোঁজ নিয়ে জানা যায়, বেলা সোয়া তিনটা থেকে চারটা পর্যন্ত গুলশানের ওই এলাকায় তিনবার বিদ্যুৎ যায়। নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারছিল না। ফলে আরও প্রায় সাতবার সম্মেলনস্থল অন্ধকার হয়ে পড়ে।