পূর্ণিমা ও শুভ’র ছায়া-ছবির শুটিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমা ও আরেফিন শুভ জুটির প্রথম চলচ্চিত্র ছায়া-ছবির শুটিং আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চট্টগ্রামে। ছবিটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘মৌসুমীর লেখা এবং অভিজিত ও আকৃতির গাওয়া ‘মন যা বলে বলুক, আমি তোমারই হব’ গানটির মধ্য দিয়ে ছায়াছবি চলচ্চিত্রের দৃশ্য ধারণের কাজ শুরু করছি। টানা ১২ দিনে তিনটি গানের শুটিং করব আমরা।’চ্যানেল নাইনের ব্যানারে নির্মিত ছায়া-ছবি চলচ্চিত্রের দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা ও আরেফিন শুভ। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছায়া-ছবি প্রসঙ্গে পূর্ণিমা বলেছেন, ‘অনেকদিন ধরে যে ধরনের চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষা করেছিলাম ছায়া-ছবিতে তেমনই একটি চরিত্র পেয়েছি। শুভ বলেন, ‘শুটিং শুরু হয়ে গেছে। ছবিতে আমার সহশিল্পী পূর্ণিমা। তিনি যে এতটা সহযোগিতাপরায়ণ তা ছায়া-ছবির শুটিং না করলে বুঝতেই পারতাম না।’শুভ আরও বলেছেন, ‘ এর আগে ওয়ারিশ ছবিটির কাজ করার কথা ছিল। শেষ পর্যন্ত আর তা করা হয়নি। ছায়াছবির গল্প শুনে ভালো লাগাতে এ কাজটি করতেই রাজি হয়ে যাই।’পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসছে ছায়া-ছবি চলচ্চিত্রের গানের অডিও অ্যালবাম। ছায়া-ছবি চলচ্চিত্রের এই অ্যালবামে দেশ-বিদেশের বেশ কয়েকজন কণ্ঠশিল্পীর গান রয়েছে। এদের মধ্যে রয়েছেন ভারতের শান, অভিজিত, আকৃতি কাকার, রাঘব চ্যাটার্জি, অন্বেষা ও বাংলাদেশের আরফিন রুমী, নিশিতা, পড়শী। ছায়া-ছবির অ্যালবামটির গানগুলো লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, চিত্র নায়িকা মৌসুমী, রবিউল ইসলাম জীবন ও মাহমুদ মানজুর। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী।