পূর্ণিমার প্রশংসায় পঞ্চমুখ আরেফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখান আরেফিন শুভ। এতে শুভ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন। ছবিটির শুটিং এখনো চলছে। ছায়াছবি চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে শুভ বলেন, ‘এটি আমার প্রথম ছবি। কিন্তু টেরই পাচ্ছি না কীভাবে শুটিং হয়ে যাচ্ছে। ছবিটি আমার জন্য একেবারে অন্যরকম অভিজ্ঞতা। আর সহশিল্পী পূর্ণিমা আমাকে যে কীভাবে সহযোগিতা করছেন তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এক কথায় “মাইন্ডব্লোয়িং হেল্প”।’এরই মধ্যে আরেকটি নতুন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আরেফিন শুভ। এখনো পর্যন্ত নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন সোহানুর রহমান। জানা গেছে, এপ্রিল মাসের কোনো একসময়ে ছবিটির শুটিং শুরু হবে।এ প্রসঙ্গে শুভ বলেন, ‘ছবিটির গল্প যতটা শুনেছি তাতে মনে হয়েছে এটা পুরোপুরি বিনোদনধর্মী। বলা যায় একেবারে সহজ এবং সাবলীল উপস্থাপনার ছবি হবে এটি। গল্পটা শুনে যেভাবে ভেবেছি তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একেবারে অন্য ধরনের একটা ছবি দর্শকদের উপহার দিতে পারব।’এদিকে ছবিটির পরিচালক সোহানুর রহমান বলেছেন, ‘ছবির নায়ক ও গল্পটা এরই মধ্যে চূড়ান্ত করেছি। নায়ক হিসেবে এ ছবিতে থাকবেন আরেফিন শুভ। কিন্তু ছবিটির নাম এবং অন্যান্য অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি দু-এক দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করতে পারব।’কাল শুক্রবার ৩০ মার্চ থেকে ঢাকার বারিধারায় আবারও ছায়াছবি চলচ্চিত্রের শুটিং করবেন শুভ।