পূর্ণিমার বিয়ে
আমি তখন ইত্তেফাকে কাজ করি। পূর্ণিমার বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার সময় মনে হচ্ছিল, এর চেয়ে হরতালের হট্টগোল, যেকোনো জনসমাগমের ছবি তোলা বোধ হয় অনেক সহজ! বিয়ের মঞ্চে ছবি তুলতে প্রেসের সাংবাদিকেরা ছাড়াও প্রায় শখানেক লোক ছিলেন। বাংলা ছবির এই জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার সুযোগ কে-ই বা ছাড়তে চায়। ভিড় আর গাদাগাদির কারণে মঞ্চে ভালো ছবি তোলাটা খুবই কঠিন ছিল। এই কয়েক সেকেন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড ফাঁকা পাই তো পরমুহূর্তেই আবার ভিড়। বুঝলাম, এই মঞ্চে ভালো ছবি তোলাটা খুবই কঠিন। একটু বুদ্ধির আশ্রয় নিতেই হলো। সবাইকে, ‘অতিরিক্ত গরমে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে’ এ কথা বলে পূর্ণিমা-ফরহাদকে সেন্টারের ভেতরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেলাম। মনমতো বেশ কিছু ছবি তুললাম। কিন্তু তাঁদের বেশিক্ষণ ধরে রাখার উপায় নেই। খানিক পরে আবার তাই মঞ্চে আমার দৌড়ঝাঁপ। সব ফটোগ্রাফার যে পাশ থেকে ছবি তোলার জন্য ভিড় করছিলেন, তার বিপরীতে আমার অবস্থান। সেটা আমাকে ব্যতিক্রমী ছবি তুলতে সাহায্যই করছিল। ছবি তোলায় এতই ব্যস্ত ছিলাম যে পুরো বিয়ের অনুষ্ঠানে এক গ্লাস পানি খাওয়ার সময়টা বের করতে পারিনি।