পূর্ত বিভাগের কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের হিসাবরক্ষকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পারস্পরিক যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। আসামিরা মোট ছয় কোটি ৯০ লাখ ১৪ হাজার ৬৩ টাকা আত্মসাত্ করেছেন।মামলার আসামিদের একজন হলেন গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক মো. তরিকুজ্জামান। তিনি বর্তমানে পাবনায় কর্মরত। অন্য আসামিরা হলেন গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক (মৃত) আবুল হাসনাতের স্ত্রী ও মেসার্স নাজমা স্টোরের মালিক কাজী নাজমা বেগম এবং তাঁদের ছেলে মেসার্স জলিল স্টোরের মালিক ইব্রাহিম আহমেদ আফসার, হাসনাতের ভাই ও মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক মো. মাহবুব, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (মৃত) আনসারুল হকের স্ত্রী ফরিদা বেগম।মামলার এজাহারে বলা হয়, মিথ্যা ক্রয়, ভুয়া মূল্যায়ন (কোটেশন) প্রস্তাব ও ভাউচারে জালিয়াতির মাধ্যমে পরস্পরের যোগসাজশে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধান করা হয়। মৃত হিসাবরক্ষক আবুল হাসনাত ও মৃত নির্বাহী প্রকৌশলী আনসারুল হক উভয়েই ওই আত্মসাতের ঘটনায় জড়িত ছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানকালে ওই দুজন মারা যান। এ ছাড়া দুদকের অনুসন্ধানে জানা গেছে, যেসব প্রতিষ্ঠানের নামে ক্রয় প্রস্তাব, মূল্যায়ন প্রস্তাব এবং ক্রয় ও ভাউচার দেখিয়ে অর্থ তোলা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের বাস্তবে অস্তিত্ব নেই। এগুলো হলো মেসার্স জলিল স্টোর, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স নাজমা স্টোর প্রভৃতি।