পূর্ত মন্ত্রণালয়ে বিএলডিএ ও রিহ্যাব নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ল্যান্ড ডেভেলাপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কয়েকজন প্রতিনিধি আজ মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে গিয়েছিলেন। তাঁরা সেখানে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) পরবর্তী বৈঠক কবে অনুষ্ঠিত হবে, তা জানতে চান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলামসহ মোট আটজন প্রতিনিধি প্রথমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) শিরীন আক্তারের সঙ্গে দেখা করতে যান। শিরীন আক্তার তখন তাঁর কক্ষে ছিলেন না। পরে শিরীন আক্তার এসে বিএলডিএ ও রিহ্যাবের নেতাদের আসার কারণ জানতে চান। জবাবে তাঁরা জানান, ড্যাপের পরবর্তী পর্যালোচনা বৈঠক কবে অনুষ্ঠিত হবে, তা জানতেই তাঁরা সচিবালয়ে এসেছেন।এ বিষয়ে জানতে চাওয়া হলে শিরীন আক্তার বলেন, ‘ড্যাপের পরবর্তী বৈঠক প্রসঙ্গে আমার সঙ্গে বিএলডিএর মহাসচিব মোস্তফা কামালের আলোচনার কথা ছিল। কিন্তু অন্য নেতারা কেন এলেন, তা বুঝতে পারলাম না।’এদিকে আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নসরুল হামিদের নেতৃত্বে এক প্রতিনিধিদল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবদুল হান্নানের সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘রিহ্যাবের সদস্য হিসেবে নসরুল হামিদ ও অন্যরা আমার কাছে অন্য একটি কাজে এসেছিলেন। তবে যেহেতু আমি ভূমি ব্যবহার বিধিমালা ২০০৪-এর সংশোধনী নিয়ে কাজ করছি, তাই তাঁরা সে ব্যাপারে আমার কাছে খোঁজখবর নেন।’ বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না বলে মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নসরুল হামিদ রিহ্যাবেরও সদস্য।