পূর্ব ঘোষণা ছাড়া টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসন টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।পূর্ব ঘোষণা ছাড়া জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় টেকনাফ ও সেন্টমার্টিন উভয় জাহাজ ঘাটেই পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন।জাহাজ কর্তৃপক্ষের পক্ষে কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, অভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমতি থাকার পরও স্থানীয় প্রশাসন জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমুদ্দিন বলেন, যেকোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।উল্লেখ্য, পর্যটকদের সুবিধার্থে এই রুটে ২০০০ সাল থেকে জাহাজ চলাচল শুরু হয়। কিন্তু প্রতিবছর জুন-জুলাই মাসে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এর পরও স্থানীয় প্রশাসন গত বছরের ১৩ অক্টোবর পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ রাখে। পরে ১৪ অক্টোবর থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়। জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দেশি-বিদেশি পর্যটকদের কথা চিন্তা করে এই রুটে কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া জাহাজকে সারা বছর চলাচলের অনুমতি দিয়েছিল। একই সঙ্গে ফারহানা ক্রুজ, এসডিটি কাজল, কেয়ারি ক্রুজ ও ঈগল-১ নামে চারটি জাহাজকে কেবল পর্যটন মৌসুমে চলাচলের অনুমতি দেওয়া হয়। এ চারটি জাহাজের সময়সীমা এ বছরের ২৯ মার্চ শেষ হয়েছে।