পূর্ব তিমুরের নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন রামোস
পূর্ব তিমুরে অনুষ্ঠিত নির্বাচনে আজ সোমবার পরাজয় মেনে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা দুই বিরোধী নেতাকে তিনি অভিনন্দন জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শনিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট পড়ে চার লাখ ২৯ হাজার ১০৬টি। এখন পর্যন্ত ৮৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায়, বিরোধী দল ফ্রেতিলিন পার্টির লিয় ফ্রাসোয়া লু ওলো গুতিরেস সবার চেয়ে এগিয়ে আছেন। এ ছাড়া সাবেক গেরিলা নেতা তউর মতর রুয়াক অল্প ভোটের ব্যবধানে দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট নোবেল বিজয়ী রামোস হোর্তা তৃতীয় অবস্থানে রয়েছেন। গুতিরেস ও রুয়াকের মধ্যে আগামী ২১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ২০০২ সালে স্বাধীন হয় পূর্ব তিমুর। দেশটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো এবার।