বিজয় যখন কড়া নাড়ছে মুক্তিযুদ্ধের পুরো সময় বাংলাদেশের পক্ষে ছিল বিদেশি গণমাধ্যমগুলো। বাংলাদেশের বিজয়ের আগে আগে বিশ্বের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদের অনুবাদ ও তার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছেন এম এ মোমেন
পূর্ব পাকিস্তান সরকারের পদত্যাগ
১৩ ডিসেম্বর, ঢাকা: ভারতীয় মিগ-২৯ বোমারু বিমান পূর্ব পাকিস্তানের গভর্নর এম এ মালিকের সরকারি বাসভবন ধ্বংস করে দিয়েছে। ঢাকার ওপর চূড়ান্ত আক্রমণ হতে যাচ্ছে। এ অবস্থায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পূর্ব পাকিস্তান সরকার গণপদত্যাগ করেছে। গভর্নর মালিক কম্পমান হাতে বলপয়েন্ট কলমে একটি রদ্দি কাগজের ওপর তাঁর সরকারের পদত্যাগের মুসাবিদা করেছেন। তাঁর সরকারি বাসভবনের ওপর বোমা বর্ষিত হওয়ার পরপরই তিনি এ সিদ্ধান্ত নেন।ঢাকায় বিদেশিদের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও রেডক্রস-ঘোষিত নিরপেক্ষ জোনে আশ্রয় চাইছেন। নিরপেক্ষ এলাকাকে আক্রমণমুক্ত রাখতে ভারত তার সেনাবাহিনীকে আদেশ দিয়েছে। পূর্ব পাকিস্তানের রাজধানী শহরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং অল ইন্ডিয়া রেডিও থেকে দাবি করা হয়েছে, সেনাবাহিনীর একাংশ এর মধ্যে আত্মসমর্পণ করেছে। ভারতীয় ট্যাংক ও পদাতিক বাহিনী শহরের বাইরে প্রতিরক্ষাব্যূহে পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হয়েছে। সামরিক লক্ষ্যবস্তুতে গোলন্দাজ আক্রমণ ও আকাশপথে আক্রমণ অব্যাহত রাখা হয়েছে।রাশিয়া এর মধ্যে দিল্লিকে জানিয়েছে, পশ্চিম পাকিস্তানের অখণ্ডতা হুমকির মুখে পড়লে চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে বলে সতর্কবাণী পাঠিয়েছে। ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিয়েছে, কিন্তু এ উদ্যোগের ধরন কী, তা প্রকাশ করা হয়নি।সিদ্ধান্ত নির্ভর করছে সেনাপ্রধানের ওপরমন্ত্রিসভায় সদস্য পরিবেষ্টিত অবস্থায় মালিক জাতিসংঘ কর্মকর্তা জন কেলি ও দি অবজারভার-এর সংবাদদাতা গেভিন ইয়াংকে পদত্যাগের মুসাবিদাপত্র দেখিয়েছেন। উভয়েই বিমান আক্রমণের সময় গভর্নরের সঙ্গে একই বাংকারে আটকা পড়েছিলেন। গভর্নরের স্ত্রী ও কন্যা গাদাগাদি করে পাশের আরেকটা বাংকারে অবস্থান করছিলেন।সারা সকাল গভর্নর মালিক ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন, নাকি ব্যাপারটা ঝুলিয়ে রাখবেন, তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। কিন্তু গভর্নরের বাড়িতে বোমা বর্ষণই এ সিদ্ধান্ত ত্বরান্বিত করাল। কানে তালা লাগানো রকেট হামলা এবং বোমাবর্ষণের মধ্যে খসড়া সম্পন্ন করে বৃদ্ধ ও ধর্মভীরু গভর্নর তাঁর জুতা-মোজা খুলে, পা ধুয়ে, মাথায় একটি পরিষ্কার রুমাল বেঁধে বাংকারের এক কোনায় নামাজ পড়ার জন্য হাঁটু গেড়ে বসেন। নামাজ শেষ করে গভর্নর জন কেলিকে জিজ্ঞেস করলেন, তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে রেডক্রস-ঘোষিত নিরপেক্ষ এলাকা এবং অধিকতর নিরাপদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে উঠবেন কি না। এর আগে পুলিশের মহাপরিদর্শক এম এ চৌধুরীর নেতৃত্বে ১৬ জন জ্যেষ্ঠ সিভিল সার্জেন্ট হোটেলে আশ্রয় নিয়েছেন। তবে মালিক সাহেবের দুশ্চিন্তা, ভারতীয় বাহিনী তাঁর মন্ত্রীদের মেরে ফেলতে পারে।গভর্নরের পদত্যাগ কার্যত সব দায়দায়িত্ব পূর্ব পাকিস্তানের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির ওপর অর্পিত হয়। মাত্র গতকালই যিনি প্রতিজ্ঞা করেছেন, শেষ সেনা জীবিত থাকা পর্যন্ত লড়াই করে যাবেন।আজ অপরাহ্নে ভারতীয় মিগ জেট পাঁচ লাখ ৬০ হাজার মানুষের শহরের ওপর দিয়ে চক্কর দিয়েছে। স্থানে স্থানে বেশ নিচুতে নেমে রকেট আক্রমণ চালিয়েছে, কিন্তু কার্যত কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি।সাংবাদিকেরা বলেছেন, বিমান হামলায় নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। রকেটের গোলার আগুনে একটি বাড়িতে ছয়জনের মৃত্যু ঘটতে দেখেছেন একজন সাংবাদিক।এর আগে বিকেলে উঁচুতে ওড়া ডিসি-৩ বিমান থেকে প্রচারপত্র ছাড়া হয়েছে। তাতে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে কাজ করা অবাঙালিরা যদি আত্মসমর্পণ করে, তাহলে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, পূর্ব পাকিস্তানের যেসব কর্মকর্তা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নিয়েছেন, তাঁরা গভর্নর মালিকের লিখিত আদেশেই অর্পিত দায়িত্ব ছেড়ে নিরপেক্ষ এলাকায় চলে এসেছেন।কলকাতা থেকে প্রতিরক্ষাবিষয়ক সংবাদদাতা হেনরি স্ট্যানহোপ লিখেছেন: ভারতীয় সেনাবাহিনী আজ রাতে নিশ্চিত করেছে, সেনাবাহিনী উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে রাজধানী ঢাকার দিকে এগোচ্ছে এবং গোলন্দাজ আক্রমণ শুরু করেছে। মিশ্র শেল অর্থাৎ ১০০ এমএম ও ১৩০ এমএম এবং একই সঙ্গে ২৫ পাউন্ড ওজনের গোলাও তিন দিক থেকে শহরের সামরিক লক্ষ্যবস্তুর ওপর নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু অন্যত্র নীরবতা বিরাজ করছে। সেনাবাহিনী শনিবারের প্যারাসুট অবতরণ নিয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তাদের ব্যাপারে অন্য সব গুজব অস্বীকার করে কেবল বলেছে, প্যারাসুট বাহিনী এখনো কাজ করছে।পাকিস্তানি সেনাবাহিনীর বিভাগীয় সদর দপ্তর বগুড়ার পতন ঘটেছে; সেই সঙ্গে ক্ষেতলাল, জয়পুরহাটও। কালিয়াকৈরের কাছে ভারতীয়রা নয়জন পাকিস্তানি কর্মকর্তাকে আটক করেছে। মনে করা হচ্ছে, তাঁরা নাসিরাবাদ থেকে পালিয়ে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে ৯৩ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার কাদির খান ও দুজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। এই প্রথম ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন ধরা পড়লেন। অপর দুজনের একজন সেক্টর কমান্ডার এবং অন্যজন সামরিক আইন প্রশাসক।অল ইন্ডিয়া রেডিও জানিয়েছে, স্বল্পকালীন মুখোমুখি সংঘর্ষের পর ঢাকা গ্যারিসন আত্মসমর্পণ করেছে।ভারতের ক্ষয়ক্ষতি: ভারত তাদের লোকবল ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করেছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক হাজার ৯৭৮ জন সেনাসদস্য নিহত, পাঁচ হাজার ২৫ জন আহত এবং এক হাজার ৬৬৬ জন নিরুদ্দেশ রয়েছেন। এই হিসাব পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টের মিলিত হিসাব।ভারতীয় সেনাবাহিনীর মতে, পাকিস্তানের লোকবল ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এ পর্যন্ত তাদের হাতে বন্দী হয়েছে চার হাজার ১০২ জন নিয়মিত সেনা এবং চার হাজার ৩৬ জন প্যারামিলিটারি সদস্য। ভারতের হিসাবে পাকিস্তান বিমানবাহিনী হারিয়েছে ৮৩টি উড়োজাহাজ, আর ভারত ৪১টি। পাকিস্তানের হিসাব, তারা হারিয়েছে ১৮টি দখলসহ ১৭৫টি ট্যাংক এবং ভারত ৬১টি।সংবাদটি সমন্বয় করেছেন জুলিয়ান কারদ্য টাইমস, ১৪ ডিসেম্বর, ১৯৭১ প্রকাশিত