পূর্ব পাকিস্তানে নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হতে হবে
প্রেসিডেন্ট ইয়াহিয়ার লেলিয়ে দেওয়া বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে যা ধারণা করা হয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে অপসারিত চাক্ষুষ সাক্ষী বিদেশি নাগরিকদের কাছ থেকে পাওয়া বিবরণ তার চেয়েও ভয়াবহ।পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা গণহত্যারই কাছাকাছি। যত নিন্দনীয় হোক না কেন সেনাবাহিনীর হাতে বিদ্রোহ দমন পিকনিক নয়, এতে কিছুসংখ্যক অপ্রয়োজনীয় মৃত্যু ঘটতেও পারে। কিন্তু পাকিস্তানি বাহিনী যা করেছে তা শক্তির বৈধ প্রয়োজনের সব সীমা ছাড়িয়ে গেছে। তারা খেলাচ্ছলে নারী ও শিশুসহ নিরস্ত্র জনগণকে হত্যার পথ বেছে নিয়েছে, নগ্ন সন্ত্রাস চালিয়ে আনুগত্য অর্জনের পরিকল্পিত আক্রমণে মেতে উঠেছে।আর এ কাজে কিন্তু সেনাবাহিনীর কোনো সাফল্য আসছে না, যদিও অসংগঠিত এবং লক্ষ্য অনেক ক্ষেত্রেই অনির্ধারিত। পূর্ব পাকিস্তানিদের প্রতিরোধ প্রতিদিনই জোরালো হয়ে উঠছে। আর সেনাবাহিনীর কর্তৃত্ব বড় শহরের সীমানা অতিক্রম করতে পারছে না।পূর্ব পাকিস্তানের দুর্গম যোগাযোগব্যবস্থা বিবেচনায় আনলে কার্যত দেশের আপামর জনগণের এই অভ্যুত্থানের মোকাবিলা করতে হলে এখনকার আনুমানিক ৭০ হাজার সৈন্যের বহর বহুগুণ বৃদ্ধি করতে হবে। এখন থেকে ছয় সপ্তাহ পর যখন বর্ষা মৌসুম শুরু হবে, তখন সেনাবাহিনীর গতিশীলতা ও যোগাযোগ মারাত্মকভাবে হ্রাস পাবে।এমনকি এখন পাকিস্তানি সরকারি প্রতিবেদনগুলোও লুকোতে পারছে না যে ঘোষিত স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার সুদূরপরাহত। কলকারখানা বন্ধ হয়ে আছে আর সরকারি দপ্তরগুলোতে চলছে গণগরহাজিরা।সেনাবাহিনী নামিয়ে দেওয়ার আদেশ দেওয়া যদি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের জন্য একটি বিভ্রান্তিকর সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে এই নির্মম মাত্রার কাণ্ডজ্ঞানহীন হত্যাযজ্ঞ কেবল পাকিস্তানের বিষয় বলে বিশ্ব বিবেক তা চালিয়ে যেতে দিতে পারে না।পূর্ব পাকিস্তানের হত্যাযজ্ঞ অবশ্যই বন্ধ করতে হবে। ভারত, রাশিয়া ও ব্রিটেন রাওয়ালপিন্ডির কাছে হত্যাযজ্ঞের যৌক্তিকতা জানতে চেয়েছে। এই উদ্যোগে অন্য সব দেশকেও এগিয়ে আসতে হবে—বলতে হবে অভ্যন্তরীণ সার্বভৌমত্বের পণ্ডিতি ব্যাখ্যা শুনিয়ে বিশ্বমানবতার কণ্ঠ রোধ করে রাখা যাবে না। (৬ এপ্রিল ১৯৭১ প্রকাশিত)।