পূর্ব বাংলার মানুষকে সাহায্য করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যে আঘাত করা হয়েছে, তার ব্যাপ্তি যে কত বিশাল, পৃথিবী তা এখনো বুঝে উঠতে পারেনি। বছরের শেষ নাগাদ এক কোটি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাবে। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছে, সেখানে ভয়ংকর পুষ্টি সংকটের সৃষ্টি হতে যাচ্ছে।শরণার্থী শিবিরে যাঁরা কর্মরত, তাঁরা মনে করেন, স্বল্পতম সময়ের মধ্যে সাহায্য না পাওয়া গেলে এক লাখ শিশু ক্ষুধাজনিত মৃত্যুঝুঁকিতে পড়বে। পশ্চিমবঙ্গে ভারত সরকারের স্থাপিত শরণার্থী শিবিরে মাত্র ৩০ লাখ শরণার্থী ঠাঁই পেয়েছে। এই রাজ্যে শরণার্থী এসেছে ৫০ লাখ। তার মানে, ২০ লাখ শরণার্থী গ্রাম ও শহরাঞ্চলে রাস্তার ওপর অথবা যেখানে সামান্য ঠাঁই পাওয়া যায়, সেখানেই পড়ে আছে।ক্ষুধা ছাড়াও এখন কলেরা চলছে। এই মহামারির প্রকোপ কিছুটা কমিয়ে আনা সম্ভব হলেও অপুষ্টির শিকার ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন মানুষের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাদের প্রায় সবাই শিশু। ভয়ংকর হুমকির মুখে যে এক লাখ শিশু রয়েছে, তারা ছাড়াও তিন লাখ তীব্র অপুষ্টিতে ভুগছে।এই সংখ্যার ভেতরেই লুকিয়ে আছে পূর্ব পাকিস্তান ট্র্যাজেডি-স্বরূপ, যা বাইরের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এর আকার এতই বড় যে বায়াফ্রা ট্র্যাজেডির তুলনায় তা অনেক ছোট। অপর্যাপ্ত হলেও ত্রাণকর্ম যতটুকু হয়েছে, তা অবশ্যই বিবেচনাযোগ্য। প্রায় ৫০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার সাহায্য দেওয়া হয়েছে—এতেই ট্র্যাজেডির ব্যাপকতা বোঝা যায়। আর এ অঙ্কও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ মাসের শেষ দিকে জাতিসংঘের শরণার্থী কমিশনের কাজ চালিয়ে যেতে হলে আরও ৭০০ মিলিয়ন ক্রোনার প্রয়োজন পড়বে।এই করুণ প্রেক্ষাপটে পাঁচটি নরওয়েজিয়ান ত্রাণ সংস্থা সাহায্য সংগ্রহ অভিযান শুরু করেছে। ২০ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনের দিন ১০ হাজার স্বেচ্ছাসেবী বাংলাদেশি শরণার্থীদের জন্য নির্বাচন কেন্দ্রের বাইরে ভোটারদের কাছে হাত পাতবে বলে সিদ্ধান্ত নিয়েছে।আমরা মনে করি প্রত্যেকেরই কিছু না কিছু দেওয়ার আছে। (৮ সেপ্টেম্বর ১৯৭১ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন