প্রতিরোধের মার্চ বিদেশি পত্রিকায় ’৭১ দি অ্যাডভান্স, মরিশাস
পূর্ব বাংলার শরণার্থী একটি বিশ্ব সমস্যা
ভিয়েতনামে ঘৃণার আগুন নিভতে শুরু করার আগেই তার চেয়ে ভয়াবহ এক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে পূর্ব বাংলায়। ৮৫ লাখেরও বেশি মানুষ তাদের সহায়-সম্পদ পেছনে ফেলে জলকাদা পেরিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে—তাতে জীবনটা তো বাঁচবে!মার্চে যখন এই হত্যাযজ্ঞ শুরু হয়, তখন থেকে ভারতে উপচে পড়া শরণার্থী আসছেই। ভারত এমনিতেই জনসংখ্যার ভারে জর্জর। প্রায় ৫০ হাজারের মতো শরণার্থী প্রতিদিন সীমানা পেরিয়ে ভারতে পৌঁছেছে। শরণার্থীর সংখ্যা বেড়ে এখন লন্ডন বা প্যারিসের জনসংখ্যার সমান।প্রথমে জনসংখ্যার এই ব্যাপক পরিবর্তনে একটি দেশের অর্থনীতির ওপর কী প্রভাব পড়বে, সে হিসাব কষে মতামত জানাতে বিশ্বসম্প্রদায় দেরি করে ফেলেছিল। আর ব্যাপারটা ঘটছে এমন একটি রাষ্ট্রে, যা স্বাধীনতার কাল থেকেই বার্ষিক বন্যা, খরা, উচ্চ জন্মহার এবং যুদ্ধের শিকার। পৃথিবীর বিভিন্ন অংশের বিশিষ্টজন, যাঁরা স্বচক্ষে দেখে এসেছেন, ধন্যবাদ তাঁদের; মানুষের স্মৃতিতে যত অভিবাসনের চিত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ও ভয়াবহ এই অভিবাসন।ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা নারী ও শিশুদের ভোগান্তির কাহিনি শুনিয়েছেন। সীমান্তের ওপারে অযত্নে পড়ে আছে নারী ও শিশুদের মৃতদেহ। এত অধিকসংখ্যক শরণার্থীর চাপ কেবল যে অর্থনীতির ওপর তা নয়, এসব রাজ্যে শান্তিপূর্ণ জীবন যাপনও হুমকির মুখে পড়ছে। বস্তুগত দ্বন্দ্ব থেকে দাঙ্গা পর্যন্ত শুরু হয়ে যেতে পারে।এখনই যদি বিশ্ববাসী একত্র হয়ে কিছু করার উদ্যোগ না নেয়, তাহলে এখান থেকে শুরু হবে আরেকটি ভিয়েতনাম। পার্থক্য হচ্ছে, এর প্রভাব হবে অনেক সুদূরপ্রসারী এবং ফলাফল আরও বিপজ্জনক...। কারণ এটা এখন আর কোনো সীমাবদ্ধ এলাকার সমস্যা নয়। এটা এখন পৃথিবীর সমস্যায় পরিণত হয়েছে। কারণ পৃথিবীই এই মানুষগুলোকে বাস্তুচ্যুত করার ও বাস্তুচ্যুত হওয়ার সুযোগ করে দিয়েছে।বার্ধক্য সত্ত্বেও আঁদ্রে মালরো এখানে এসে পূর্ব বাংলার পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। ক্ষুধা ও ঠান্ডায় যে লাখো মানুষের মৃত্যু ঘটছে, এই সমস্যাটি মানবিক দিক থেকে বিবেচনার জন্য তাঁর মতো অন্যান্য লেখক ও শিল্পীও আবেদন জানিয়েছেন। কলকাতার কাছে শরণার্থী শিবিরে এসে সিনেটর এডওয়ার্ড কেনেডি কান্নায় ভেঙে পড়েছেন। পৃথিবীর সব দেশের সংবাদপত্র আন্তর্জাতিক সহায়তা পাঠানোর আহ্বান জানাচ্ছে। সুইজারল্যান্ডের মানবপ্রেমিকেরা বিশ্ববিবেককে জাগ্রত করার জন্য অনশন ধর্মঘট করেছেন। গতকালও কারিতাস সব মানুষের বিবেকের কাছে আবেদন করেছে, তাঁরা যেন বাংলার এই অতিকায় ধ্বংসযজ্ঞ সামাল দেওয়ার উপযুক্ত হয়ে ওঠেন। (২৭ সেপ্টেম্বর ১৯৭১ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন