সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প-সংলগ্ন বনে আগুন লেগেছে। গত শনিবার দুপুরের পর ওই এলাকায় ধোঁয়া উঠতে দেখেন বনকর্মীরা। গতকাল রোববার দুপুর পর্যন্ত প্রায় পাঁচ একর জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সহায়তায় বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। বন বিভাগ বলছে, আগুন এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বনের নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ঘটনাস্থলের চারপাশে পরিখা খনন করা হচ্ছে।আগুন নেভানোর কাজ তদারক করে ফেরার পথে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো মুঠোফোনে প্রথম আলোকে জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন ছড়ানোর আশঙ্কা নেই। সোমবার (আজ) সকাল থেকে আবার আগুন নেভানোর কাজ শুরু হবে।এর আগে গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে মিহির কুমার দে জানান, ভোলা নদীর পশ্চিম পারে পঁয়ষট্টিছিলা এলাকার বনে আগুন লেগেছে। প্রায় পাঁচ একর এলাকাজুড়ে আগুন জ্বলছে। ৭০ জন বনকর্মী, শতাধিক শ্রমিক ও দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। জোয়ারের সময় ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি খালে পানি আটকিয়ে সেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নেভাতে কত সময় লাগবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। যেহেতু ঝরাপাতার স্তূপে আগুন জ্বলছে, তাই মাটি কেটে এর গতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, এ এলাকার বনে পানি না ওঠায় এলাকাটি শুষ্ক। এখানে লতাপাতা ও গুল্মজাতীয় সিংড়া ও বলাগাছ বেশি জন্মায়। এ এলাকায় ছোট ছোট সুন্দরীগাছও রয়েছে। আগুনে এই গাছগুলো পুড়ে গেছে।আগুনে কোনো বন্য প্রাণীর ক্ষতি হয়েছে কি না, তা এখনো বন বিভাগ নিশ্চিত করে বলতে পারেনি। তবে এ এলাকায় হরিণ, বন্য শূকর, বানর ও বনমোরগের বসতি বেশি। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের বসতি এ এলাকায় কম।ঘটনাস্থল থেকে ফিরে গতকাল দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার জানান, চার-পাঁচ একর এলাকায় শতাধিক স্থানে আগুন জ্বলছিল। এখনো অন্তত ১৫ থেকে ২০টি স্থানে আগুন জ্বলছে। পানির অভাবে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে।