পূর্ব সুন্দরবনে দুটি স্থানে এখনো আগুন জ্বলছে
সুন্দরবন পূর্ব বিভাগের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের অন্তর্গত নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকার বনের আগুন বুধবার বিকেল পর্যন্ত নেভানো যায়নি। দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এই আগুন লাগে।তবে এ ঘটনা তদন্তে সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খলিলুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।১ মার্চ নাংলি ক্যাম্প এলাকায় লাগা আগুন দুই দিনের চেষ্টায় নিভিয়ে ফেলার সাত দিনের মধ্যে আবার এ আগুন লাগার ঘটনা ঘটল। এ অগ্নিকাণ্ডের ঘটনাকে বন বিভাগের কর্মকর্তারা ‘অস্বাভাবিক’ ও ‘নাশকতামূলক’ বলে সন্দেহ করছেন। তাঁদের ধারণা, সুন্দরবনের সম্পদ অবৈধভাবে সংগ্রহের উদ্দেশে একটি মহল একের পর এক আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে।বন বিভাগ এখনো সুনির্দিষ্টভাবে আগুনের কারণ, ক্ষতিগ্রস্ত এলাকা বা ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।পচাকুড়ালিয়া ও নাপিতখালী এলাকায় কর্মরত দমকলের কর্মী ও বনকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, সেখানে ৮-১০ একর জায়গাজুড়ে বিক্ষিপ্তভাবে ৩০-৪০টি স্থানে আগুন জ্বলছে। এখানে কিছু সুন্দরীসহ গেওয়া ও কেওড়া গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে ঝোপজাতীয় গাছ—সংড়া, ঝাউ, কেয়া ও বিভিন্ন ধরনের লতা-গুল্ম। আগুনে এসব বনজ সম্পদের ক্ষতি হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো আজ দুপুরে এই প্রতিবেদককে তিনটি স্থানে আগুন জ্বলতে থাকার কথা জানান। তিনি বলেন, দমকল বাহিনীর মোরেলগঞ্জ ইউনিটের সহযোগিতায় অর্ধশতাধিক বনকর্মী স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ করছেন।খুলনা থেকে অগ্নিনির্বাপণের বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরের আড়ুয়ার বেড় খাল থেকে পানি আনতে হচ্ছে। নাংলি ক্যাম্প এলাকার আগুন নেভাতে পানি আনতে হচ্ছে দুই কিলোমিটার দূরের ভোলা নদী থেকে।