পূর্ব সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকার ছাপরার খালে গতকাল শনিবার দুপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা বনদস্যু মোর্তজা বাহিনীর সদস্য বলে র্যাব দাবি করেছে। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৩টি গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি রকেট লঞ্চার, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি একনলা বিদেশি বন্দুক, সাতটি বিদেশি এলজি ও একটি এয়ারগান। র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানীর ভাষ্যমতে, বনদস্যু মোর্তজা বাহিনীর সদস্যরা নারকেলবাড়িয়া এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। দুপুর ১২টার দিকে র্যাব সদস্যরা ছাপরার খালে সন্দেহভাজন একটি নৌকাকে থামতে বলে। এ সময় নৌকায় থাকা দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত কয়েক শ গুলি ছোড়া হয়। একপর্যায়ে দস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ লাশ ও ওই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রাতে শরণখোলা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, নারকেলবাড়িয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে বনকর্মীরা ওই অভিযানে ছিলেন না। বনদস্যু মোর্তজা বাহিনী, সাগর বাহিনী ও শহিদুল বাহিনী চলতি ইলিশ মৌসুমে সুন্দরবনের নারকেলবাড়িয়াসহ দুবলা জেলেপল্লী, ফেয়ার ওয়ে বয়া, মহিপুর উপকূলে ট্রলারে ডাকাতি ও মুক্তিপণের দাবিতে শতাধিক জেলেকে অপহরণ করেছিল। পরে র্যাব অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে উদ্ধার করে। নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানের মুখে দস্যুরা অনেক জেলেকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেয়। আবার অনেকে মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।